বিনা প্রতিদ্বন্দ্বীতায় পিসিবির নতুন চেয়ারম্যান রমিজ রাজা

বিনা প্রতিদ্বন্দ্বীতায় আনুষ্ঠানিকভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজা।

সোমবার (১৩ সেপ্টেম্বর) লাহোরে ন্যাশনাল হাই পারফরম্যান্স সেন্টারে বোর্ড অব গভর্নরদের বিশেষ সভায় এই  সিদ্ধান্ত নেওয়া হয়।

তিন বছরের দায়িত্ব শেষে গত মাসে এহসান মানি সরে দাঁড়ানোর পর পিসিবির সর্বোচ্চ এই পোস্ট খালি ছিল। তার স্থলাভিষিক্ত হলেন রমিজ রাজা।

ইজাজ বাট (২০০৮-২০১১), জাভেদ বুরকি (১৯৯৪-১৯৯৫) ও আব্দুল হাফিজ কারদারের (১০৭২-১৯৭৭) পর চতুর্থ ক্রিকেটার হিসেবে পিসিবি চেয়ারম্যান হতে যাচ্ছেন তিনি। তিন বছরের জন্য এই পদের দায়িত্ব পালন করবেন ১৯৯২ বিশ্বকাপজয়ী রমিজ রাজা।

পিসিবির নির্বাচন কমিশনার বিচারক (অবসরপ্রাপ্ত) শেখ আজমত সাঈদ এই সভা পরিচালনা করেন। ৩৬তম পিসিবি চেয়ারম্যান নির্বাচনের এই বিশেষ সভায় সভাপতিত্বও করেন তিনি।

সভায় বোর্ড অব গভর্নরের অন্যান্য সদস্য আসিম ওয়াজিদ জাওয়াদ, আলিয়া জাফর, আসাদ আলি খান, আরিফ সাঈদ, জাভেদ কোরেইশি, রমিজ রাজা ও ওয়াসিম খান উপস্থিত ছিলেন।