সেন্ট মার্টিনে বেড়াতে গিয়েছিলেন তারকা দম্পতি সুজিত মোস্তফা ও মুনমুন আহমেদ। সেখানে গানের মানুষ সুজিতকে রীতিমতো জোর করে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দেন নৃত্যশিল্পী মুনমুন। তার নির্দেশনায় তৈরি হয়ে যায় সুজিতের একটি মৌলিক গানের সংগীতচিত্র। মিশ্র রাগে গজল আঙ্গিকে সুজিত মোস্তফার গাওয়া ‘যদি কিছু কথা বলা যায়’ গানটি যেমন প্রশংসা পাচ্ছে, তেমনি মুনমুনের করা সেই ভিডিও দর্শক পছন্দ করেছেন। ভিডিওটি মুনমুন আহমেদ তার নিজের ফেইসবুকে প্রকাশ করেছেন। মুনমুন বলেন, ‘কদিন আগে সেন্ট মার্টিন বেড়াতে গিয়েছিলাম, সঙ্গে ক্যামেরা নিয়েছিলাম। সুজিতকে বাধ্য করলাম আমার ক্যামেরায় গান গাইতে, বেচারা বাধ্য হয়ে রোদে পুড়ে আমার ক্যামেরায় শুট করল। কোনো দিন গানের ভিডিও এডিটিং করিনি। এই প্রথম সুজিতের গান এডিট করলাম।’ মোস্তফা আনোয়ার স্বপনের কথা, সুজিত মোস্তফার সুরে ‘যদি কিছু কথা বলা যায়’ শিরোনামে গানটির সংগীত পরিচালনা করেন বিনোদ রায়। সুজিত মোস্তফা বলেন, ‘মোস্তফা আনোয়ার স্বপন মূলত পদার্থবিজ্ঞানী। তবে তার লেখা গান আমার খুব পছন্দ। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষের অনুষ্ঠান মুজিব চিরন্তনে বঙ্গবন্ধুকে নিয়ে করা একটি নৃত্যালেখ্যের চিত্রনাট্য করেছিলেন তিনি। মুনমুন আহমেদের কোরিওগ্রাফিতে সেটার সংগীত পরিচালনা করেছিলাম আমি।’