অর্থ ফেরত (রিফান্ড) পদ্ধতির অপব্যবহারের পরিপ্রেক্ষিতে মোবাইল ব্যাংকিং হিসাবে জমা টাকার লেনদেন স্থগিত রাখা ৭ শতাধিক অ্যাকাউন্ট পুনরায় চালু করেছে ‘নগদ’। সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে কয়েক দফা নিরবচ্ছিন্ন যাচাই-বাছাই ও নিবিড় পরীক্ষা-নিরীক্ষা শেষে অ্যাকাউন্টগুলো পুনরায় সচল করা হয় বলে গতকাল রবিবার ‘নগদ’-এর পক্ষ থেকে জানানো হয়েছে।
সাম্প্রতিক সময়ে কতিপয় ই-কমার্স প্ল্যাটফর্ম সংশ্লিষ্ট অসামঞ্জস্যপূর্ণ লেনদেনের আশঙ্কা পরিলক্ষিত হলে গ্রাহকের নিরাপত্তা সুনিশ্চিতের জন্য ‘নগদ’-এর অত্যাধুনিক প্রযুক্তি বলে কিছু অ্যাকাউন্টের স্থিতি স্বয়ংক্রিয়ভাবে ‘হোল্ড’ হয়ে যায়।
বিষয়টি ‘নগদ’ কর্র্তৃপক্ষ অনতিবিলম্বে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটসহ (বিএফআইইউ) সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষকে অবহিত করে। পরবর্তী সময়ে কর্র্তৃপক্ষের সঙ্গে চলমান আলোচনা ও পরামর্শের ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই ও নিরবচ্ছিন্ন নিরীক্ষা প্রক্রিয়া শেষ করে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে ধাপে ধাপে পুনঃসচল হতে শুরু করেছে স্বয়ংক্রিয়ভাবে স্থিতি হোল্ড হওয়া অ্যাকাউন্টগুলো। একইভাবে অতি অল্প সময়ের মধ্যে পর্যায়ক্রমে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করে সন্তোষজনক ফলাফলের ভিত্তিতে বাকি অ্যাকাউন্টগুলোর স্থিতি পুনঃসচল করার পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় ‘নগদ’।
ইতিমধ্যে পুনরায় চালু হওয়া অ্যাকাউন্টগুলো আগের মতোই স্বাভাবিক নিয়মে সব ধরনের লেনদেন করাসহ ‘নগদ’-এর সব সেবা উপভোগ করতে পারছেন গ্রাহকরা।
বিজ্ঞপ্তিতে ‘নগদ’ জানায়, তারা সব সময়েই সাধারণ মানুষের জন্য কাজ করছে। মানুষের অর্থ যাতে বিন্দুমাত্র ঝুঁকিতে না পড়ে, সে বিষয়ে ‘নগদ’ দৃঢ়প্রতিজ্ঞ।