আগামী ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলন। সাত দিনব্যাপী আন্তর্জাতিক ভার্চুয়াল বাণিজ্য সম্মেলন ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’ আয়োজনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। বাণিজ্য সম্মেলনটি সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে আয়োজন করবে, যা চলবে ১ নভেম্বর পর্যন্ত।
গত রবিবার ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একান্ত সাক্ষাতে তিনি এ আশ্বাস দেন। মুজিব বর্ষ ও এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযথ মর্যাদার সঙ্গে উদযাপনের অংশ হিসেবে সরকারের বাণিজ্য মন্ত্রণালয় ও ঢাকা চেম্বার যৌথভাবে ৭ দিনব্যাপী এ সম্মেলন আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। ডিসিসিআই জানায়, আগামীর অর্থনীতির সঙ্গে সংযোগ অথবা কানেক্টিং দ্য ইকোনমি অব টুমরো সম্মেলনটির মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশকে বিশে^র দরবারে একটি আকর্ষণীয় ও লাভজনক বিনিয়োগের স্থান হিসেবে তুলে ধরতে এবং বিভিন্ন বহুমুখী সম্ভাবনাময় খাতসমূহে সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি দেশীয় ও বিদেশি বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্য সামনে রেখে সম্মেলনটির আয়োজন করা হচ্ছে।