দেড় বছর বন্ধ থাকার পর দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে ক্লাস শুরু হয়েছে। গতকাল সোমবার প্রথম দিন প্রথম, দ্বিতীয় ও পঞ্চম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস নেওয়া হয়। এতদিন অনলাইনে তাত্ত্বিক বিষয়ের পাঠদান হলেও মেডিকেলের ব্যবহারিক ক্লাসগুলো বন্ধ ছিল। গতকাল থেকে ব্যবহারিক ক্লাসও শুরু হয়েছে। এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এমবিবিএস কোর্সের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনও হয়েছে। শিক্ষার্থীদের বরণ করে নিতে কলেজের ফটক এবং শ্রেণিকক্ষের দরজা সাজানো হয় বেলুন দিয়ে।
এর আগের দিন গত রবিবার দেশের সব প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তার পরদিনই শুরু হলো মেডিকেলের ক্লাস। বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এতদিন পর ক্লাসে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন।
এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো মিঞা বলেন, ‘স্বাস্থ্যবিধি মেনে ক্লাস শুরুর সব প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রতিদিন প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম বর্ষের জন্য প্রথম এক ঘণ্টার ক্লাস হবে অনলাইনে। এতদিন ক্লাস বন্ধ থাকায় পড়ালেখার যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী দেশের ৩৭টি সরকারি এবং ৭১টি বেসরকারি মেডিকেল কলেজে শির্ক্ষ্থাীর সংখ্যা প্রায় ৫০ হাজার। প্রতি বছর সরকারি মেডিকেল কলেজের ৪ হাজার ৩৫০টি এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৪২টি আসনে শিক্ষার্থী ভর্তি হন।