সিডিসির গবেষণা

টিকা না নিলে করোনায় মৃত্যুঝুঁকি ১১ গুণ বেশি

করোনার টিকা না নেওয়া ব্যক্তিদের মৃত্যুর ঝুঁকি যারা পূর্ণ ডোজ টিকা নিয়েছেন তাদের তুলনায় ১১ গুণ বেশি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। করোনাভাইরাসের ‘ডেল্টা ধরন’ টিকা নেওয়া ব্যক্তিদের প্রতিরোধ ক্ষমতা ভেদ করতে পারলেও গুরুতর অসুস্থতা ঠেকাতে টিকার কার্যকারিতা তুলে ধরা হয়েছে সিডিসির নতুন এক প্রতিবেদনে।

সিডিসির পরিচালক ডা. রোশেল ভলেনস্কি সম্প্রতি এক ব্রিফিংয়ে বলেন, গত দুই মাস ধরে যুক্তরাষ্ট্রজুড়ে ডেল্টা ভ্যারিয়েন্টের দাপটের মধ্যে দেখা গেছে, যারা টিকা নেননি তাদের কভিড আক্রান্ত হওয়ার ঝুঁকি সাড়ে চারগুণ বেশি, হাসপাতালে ভর্তির সম্ভাবনা ১০ গুণ বেশি এবং মৃত্যুর শঙ্কা ১১ গুণ বেশি।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার নিয়ে সাপ্তাহিক প্রতিবেদনে তিনটি সমীক্ষার ফল থেকে সংস্থাটি এসব তথ্য প্রকাশ করেছে বলে সিবিসি নিউজের একটি প্রতিবেদনে বলা হয়। এসব তথ্য বলছে, সামনের দিনগুলোতে অনেকেরই বুস্টার ডোজ বা টিকার তৃতীয় ডোজ দরকার হতে পারে। যুক্তরাষ্ট্রের ১৩টি অঞ্চলে পরিচালিত সিডিসির সমীক্ষায় দেখা গেছে, ডেল্টা ধরনের বিস্তারের মধ্যে টিকার পূর্ণ ডোজ পাওয়া ব্যক্তিদের আক্রান্ত হওয়ার হার দেশজুড়েই বেড়েছে।

বিজ্ঞানীরা আশা করেছিলেন, সংক্রমণ ঠেকাতে টিকার কার্যকারিতা সর্বোচ্চ পর্যায়ে থাকলে পূর্ণ ডোজ পাওয়া ব্যক্তিদের গত জুনের শেষ থেকে জুলাই মাস পর্যন্ত আক্রান্তের হার ১০ শতাংশ হতে পারে। কিন্তু সমীক্ষায় টিকার পূর্ণ ডোজ নেওয়া ব্যক্তিদের আক্রান্তের হার ১৮ শতাংশ পাওয়া গেছে জানিয়ে ওই সমীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, ‘সার্স-কোভ-২ ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে টিকার প্রতিরোধ ক্ষমতা অব্যাহতভাবে কমে আসছে।’

জুলাইয়ের মাঝামাঝি সময়ে পরিচালিত সিডিসির আরেক সমীক্ষায় দেখা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি এবং মৃত্যুর হার ঠেকাতে ভালো কার্যকারিতা দেখাচ্ছে টিকা। কিন্তু সিডিসির প্রকাশিত নতুন তথ্যে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে বয়স্ক ব্যক্তিদের গুরুতর অসুস্থতা ঠেকাতে টিকার কার্যকারিতা দুর্বল হয়ে আসছে। কয়েকশ হাসপাতাল এবং জরুরি সেবা ক্লিনিকের জোট ‘ভিশন নেটওয়ার্ক’-এর তথ্য বিশ্লেষণ করে সিডিসির প্রতিবেদেন বলা হয়, গত আগস্ট মাসে ৭৫ বছর ও তার বেশি বয়সীদের হাসপাতালে ভর্তি ঠেকাতে টিকার কার্যকারিতা তরুণদের তুলনায় ‘উল্লেখযোগ্য পরিমাণ কম’।