অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ হাইকোর্টের

অনিবন্ধিত ও অননুমোদিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। এ সংক্রান্ত একটি সম্পূরক আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার  বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেয়। আদেশের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ও বাংলাদেশ প্রেস কাউন্সিলকে নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সংবেদনশীল সংবাদসহ যেকোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংবাদমাধ্যমগুলোর জন্য ‘নৈতিক নীতিমালা’ প্রণয়ন ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের প্রশ্নে রুলের আরজি জানিয়ে সম্প্রতি হাইকোর্টে রিট আবেদন করেছিলেন উচ্চ আদালতের দুই আইনজীবী জারিন রহমান ও রাশিদা চৌধুরী নীলু। এর আগে এ বিষয়ে তথ্য ও সম্প্রচার সচিব, বিটিআরসি চেয়ারম্যান এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে গত ৫ মে আইনি নোটিস পাঠান তারা। আবেদনের ওপর প্রাথমিক শুনানি নিয়ে রুল দেয় হাইকোট। এর ধারাবাহিকতায় গতকাল অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধের নির্দেশনা চেয়ে একটি সম্পূরক আবেদন করেন রিট আবেদনকারী দুই আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে এ আদেশ হলো।

গত ১৬ আগস্ট জারি করা রুলে প্রেস কাউন্সিল আইন-১৯৭৪-এর ১১ (২) (খ) অনুযায়ী একটি নৈতিক আচরণবিধি প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চায় হাইকোর্ট। এ ছাড়া জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুযায়ী একটি ব্রডকাস্টিং কমিশন গঠনে যথাযথ পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং অননুমোদিত, অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল বন্ধে আইনি পদক্ষেপ নিতে, নিবন্ধনের জন্য বিবেচনাধীন অনলাইন নিউজ পোর্টালগুলোকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না রুলে সেটিও জানতে চায় হাইকোর্ট। তথ্য সচিব, প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিটিআরসির চেয়ারম্যানকে রুলের জবাব দিতে বলা হয়।

আবেদনের পক্ষে শুনানিকারী আইনজীবী রাশিদা চৌধুরী নীলু দেশ রূপান্তরকে  বলেন, ‘আমাদের রিট আবেদনে এগুলো বন্ধে কোনো অন্তর্বর্তীকালীন আদেশের আরজি ছিল না। আমরা রুল চেয়েছিলাম। আদালত রুল দিয়েছিল এবং সেটি  বিচারাধীন। এর ধারাবাহিকতায় অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে আজ (গতকাল) আমরা একটি সম্পূরক আবেদন করি। বিটিআরসি চেয়ারম্যান ও প্রেস কাউন্সিলকে হাইকোর্ট নির্দেশনা দিয়েছে যে, এই আদেশপ্রাপ্তির সাত দিনের মধ্যে অনিবন্ধিত নিউজ পোর্টালগুলো বন্ধ করতে হবে। এখন বিটিআরসি বের করবে অনিবন্ধিত নিউজ পোর্টাল কোনগুলো এবং তারাই (বিটিআরসি) এর ব্যাখ্যা দেবে।’

রিট আবেদনকারীদের ভাষ্য, সম্প্রতি কিছু ঘটনায় ভুক্তভোগী নারীদের নিয়ে কিছু সংবাদমাধ্যম বিশেষ করে অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোতে ‘অগ্রহণযোগ্য ও অশালীনভাবে’ সংবাদ পরিবেশন করা হয়েছে। যাতে নারীদের অবমাননা করা হয়েছে। এমন পরিস্থিতিতে অননুমোদিত ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ এবং সংবাদ পরিবেশনের ক্ষেত্রে নৈতিক নীতিমালা প্রণয়ন জরুরি হয়ে উঠেছে।