জেলার উল্লাপাড়ায় বুধবার সকালে ট্রাকচাপায় কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।
মৃতরা হলেন- উল্লাপাড়া পৌরসভার শ্রীকোলা মহল্লার সাইফুল ইসলামের ছেলে ও সরকারি আকবর আলী কলেজে অনার্স প্রথম বর্ষের ছাত্র রুবেল হোসেন (২২) এবং আখের উদ্দিনের ছেলে ফরজ আলী (৪৫)।
আহতরা হলেন- একই মহল্লার মাহমুদুল ইসলাম (৩৫) ও ভ্যান যাত্রী কলেজ ছাত্র আবু হানিফ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি শাহজাহান আলী বলেন, আজ সকালে হটিকুমরুল–নগরবাড়ি মহাসড়কে উল্লাপাড়া উপজেলার শ্রীকোলা মোড় এলাকায় মহাসড়ক পার হচ্ছিল ব্যাটারিচালিত একটি অটোভ্যান।
এ সময় পাবনাগামী একটি ট্রাক ভ্যানটিতে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান ২ জন। এতে আহত হয়েছেন দুইজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে সেখানে একটি ওভারপাস নির্মাণের দাবি জানান। এ সময় মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন ১ ঘণ্টা আটকা পড়ে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ন কবির জানান, ঈশ্বরদী ট্রান্সপোর্ট এর কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। দুর্ঘটনার সময় কাভার্ডভ্যান চালক ও হেলাপার পালিয়ে গেছে। এ ব্যাপারে উল্লাপাড়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।