ঝিনাইদহ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক নজরুল ইসলামের (৫৪) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সাগান্না সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নজরুল ইসলাম ওই গ্রামের সালাউদ্দিন মাস্টারের ছেলে। তিনি পাশের চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ এলাকায় পরিবারের সঙ্গে একটি বাসায় ভাড়া থাকতেন। নিহতের বড় ভাই বাবুল হোসেন বলেন, ‘গত সোমবার সকালে স্কুলে গেলেও নজরুল ইসলাম বাসায় ফেরেনি। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। মোবাইল ফোনও বন্ধ ছিল। তার সন্ধান চেয়ে চুয়াডাঙ্গা সদর থানায় জিডি করা হয়েছে।’
ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মোহাম্মাদ সোহেল রানা জানান, সকালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে শ্রেণিকক্ষে প্রধান শিক্ষক নজরুল ইসলামের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। শ্রেণিকক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।