সাবেক ভিসির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ গৃহকর্মীর

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাবেক উপাচার্য (রুটিন দায়িত্ব) ও বর্তমান বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেছেন তার সাবেক গৃহকর্মী। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এই অভিযোগ করা হলে তা গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন ওই গৃহকর্মী।

অভিযোগপত্রে ওই গৃহকর্মী বলেন, ‘আমি শাহজাহান স্যারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতাম। কাজ করার সময় তার স্ত্রী বাসায় না থাকলে তিনি বিভিন্ন অজুহাতে শারীরিকভাবে আমার ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন, খারাপ উদ্দেশ্য প্রকাশ করতেন এবং আর্থিক প্রলোভন দেখাতেন। আমি নানান কৌশলে তার খারাপ উদ্দেশ্য থেকে বাঁচার চেষ্টা করতাম। কিন্তু বাসা খালি থাকায় কখনো কখনো তা পেরে উঠিনি।’

থানায় বা আদালতে অভিযোগ না করে কিংবা মামলা না করে তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কেন অভিযোগ করছেন এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা গরিব মানুষ, আদালতে গেলে অনেক টাকা লাগতে পারে। তাই আমি উপাচার্য স্যারের কাছে বিচার চাইছি।’

অভিযোগ গ্রহণ না করার বিষয়ে উপাচার্য ড. এ কিউ এম মাহবুব বলেন, ‘ঘটনাটি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরের ঘটেনি এবং ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের কেউ নয়। তাই তার অভিযোগটি গ্রহণ করা হয়নি। কারণ এ ঘটনার বিচার করার এখতিয়ার আমার নেই।’ এ সময় তিনি আরও যুক্ত করে বলেন, এ ঘটনায় বিচারপ্রাপ্তির জন্য ভুক্তভোগীকে প্রচলিত আইনের আশ্রয় নিতে হবে।’

অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মো. শাহজাহান বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সাবেক উপাচার্য খোন্দকার নাসির উদ্দিন পদত্যাগ করার পর আমাকে ভারপ্রাপ্ত (রুটিন দায়িত্ব) উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকেই সাবেক উপাচার্যের অনুসারীরা বিভিন্ন সময় নানা ধরনের বিশ্ববিদ্যালয় ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। এটাও তারই অংশ। মূলত আমাকে সামাজিক ও পারিবারিকভাবে হেয় করার জন্য এ ধরনের মিথ্যা ও ন্যক্কারজনক অভিযোগ করা হচ্ছে। তবে যথাযথ তদন্ত হলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে।’