নারায়ণগঞ্জে ১১ দিন পর করোনায় দুইজনের মৃত্যু

নারায়ণগঞ্জে ১১ দিন পর প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ।

তিনি জানান, বিগত ১১ দিন নারায়ণগঞ্জে করোনায় কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। ১১ দিন পর গত ২৪ ঘণ্টায় আরও করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। তারা সোনারগাঁও উপজেলার বাসিন্দা ছিলেন।

এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩২১ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায়  নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৫৮ জনের। এতে আক্রান্ত হয়েছে ৬৩জন।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৫ হাজার ৮০৫ জন। সুস্থ হয়েছেন ২৪ হাজার ৭০৬ জন। এ পর্যন্ত নমুনা সংগ্রহ হয়েছে ১ লাখ ৬৭ হাজার ৬৭৬ জনের।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মারা গেছেন ১৪৪ জন ও আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৮৫ জন, সদরে মারা গেছেন ৫৭ জন ও আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩২০ জন, বন্দরে মারা গেছেন ৩০ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৬৮ জন, রূপগঞ্জে মারা গেছেন ১৮ জন ও আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪২৭ জন, সোনারগাঁয়ে মারা গেছেন ৬৮ জন ও আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭০৫ জন এবং আড়াইহাজারে মারা গেছেন ৪ জন ও আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮০০ জন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জে গত বছরের ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ৩০ মার্চ প্রথম নারায়ণগঞ্জের বন্দরের রসুলবাগে করোনার উপসর্গ নিয়ে পুতুল নামে এক নারী মারা যায়।