সংবাদ সম্মেলনে কাদের

বিএনপি অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে

‘বিএনপি নিয়মিত অসত্য বক্তব্য উপস্থাপনকে রেওয়াজে পরিণত করেছে’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সরকারের বিরুদ্ধে বিএনপির অভিযোগ কল্পিত এবং বরাবরের মতো চর্বিত চর্বণ। নিত্যদিন সরকারের বিরুদ্ধে নতুন নতুন অভিযোগ উত্থাপন বিএনপির রোজনামচায় পরিণত হয়েছে।’

গতকাল বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দমন-পীড়নে বিশ্বাসী নয় উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যমূলক মামলা কেন দেবে সরকার? দেশের আইন-আদালতের প্রতি সরকারের কোনোরূপ হস্তক্ষেপ বা চাপ নেই।’

বিএনপি নেতাদের প্রতি প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ‘কোনো মামলায় আইনপ্রয়োগকারী সংস্থা আদালতের নির্দেশে গ্রেপ্তার করলেই সরকারের দোষ। গুরুতর অপরাধীকেও শাস্তির আওতায় আনা যাবে না, এ কোন ধরনের অভিযোগ? তাহলে কি দেশে বিচারব্যবস্থা বা আইন-আদালত থাকবে না? তাছাড়া বিএনপি বাছবিচার না করে ঢালাওভাবে অপরাধীদের পক্ষ নিচ্ছে। অস্ত্র নিয়ে ধরা পড়েছে এমন অপরাধীদের পক্ষে তারা বিবৃতি দিয়ে মুক্তি দাবি করেছে। বিএনপি স্বাভাবিক আইনি প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করার অপপ্রয়াস চালাচ্ছে।’

‘সরকারের আচরণ এদেশ স্বাধীন রাষ্ট্র নয়, মগের মুল্লুক’ বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি যখন আগুন সন্ত্রাস চালিয়ে জীবন্ত মানুষ দগ্ধ করেছিল, গানপাউডার দিয়ে গাড়ি ও ভূমি অফিস পুড়িয়েছিল, রাজনৈতিক কর্মসূচির নামে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তখন কি মগের মুল্লুক মনে হয়নি? বিএনপিই দেশকে মগের মুল্লুকে রূপান্তর করেছিল। শেখ হাসিনা সরকার সে অবস্থা থেকে উদ্ধার করে দেশে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য অবিরাম প্রয়াস চালিয়ে যাচ্ছে।’

রাজনীতিকে রাজনীতিবিদদের কাছে কঠিন করে দেওয়া হবে এ প্রত্যয় নিয়ে তো বিএনপিই দেশের রাজনীতিকে দূষিত করার কাজ শুরু করেছিল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতিতে স্বার্থের অনুপ্রবেশ এবং সুবিধাবাদ চর্চা শুরু করেছিল বিএনপিই। যাদের রাজনীতি জনগণনির্ভর নয়, যারা নিজেরা নিজেদের সম্মান রক্ষা করতে জানে না তাদের কে সম্মান করবে? জনগণ যাদের ওপর আস্থাশীল নয় তারাই রাজনীতির নামে ক্ষমতা দখলের জন্য সুবিধাবাদ কায়েম করে আর বিএনপি এখন সেটাই করছে।’