হাইকোর্টের আদেশ

উপজেলা চেয়ারম্যানরা ইউএনওর মতো নিরাপত্তা পাবেন

উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) মতো উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিরাপত্তা দিতে নির্দেশনা এসেছে উচ্চ আদালত থেকে। একই সঙ্গে উপজেলা পরিষদ ভবনে থাকা সাইনবোর্ডে ‘উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়’র পরিবর্তে ‘উপজেলা পরিষদ কার্যালয়’ লিখতে আদেশ দিয়েছে হাইকোর্ট।

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। গত ৭ সেপ্টেম্বর এ আদেশ হলেও গতকাল বৃহস্পতিবার আদেশের অনুলিপি প্রকাশিত হয় বলে জানান সংশ্লিষ্ট আইনজীবীরা।

রিট আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। সঙ্গে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট সাইফুল্লাহ মামুন ও ড. মহিউদ্দিন মো. আলামিন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সমরেন্দ্রনাথ বিশ্বাস।

গত ১৫ জুন পটুয়াখালীর দশমিনা উপজেলা চেয়ারম্যান মো. আবদুল আজিজসহ তিনজন উপজেলা চেয়ারম্যান এ রিট আবেদনটি করেন। এতে উপজেলা চেয়ারম্যানদের ক্ষমতা খর্ব করে উপজেলা নির্বাহী অফিসারদের ক্ষমতা দেওয়ার বৈধতাকে চ্যালেঞ্জ করা হয়। আদালত অন্তর্বর্তীকালীন নির্দেশনার পাশাপাশি রুল জারি করে। রুলে উপজেলা পরিষদ আইন ১৯৯৮-এর ধারা ১৩(ক), ১৩(খ) ও ১৩(গ) কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে সরকারের কাছে জানতে চেয়েছে হাইকোর্ট।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, এটার রুল ইস্যু এবং আদেশের অনুলিপি এখনো আমাদের হাতে পৌঁছায়নি। তবে আদালত এ জাতীয় আদেশের কথা বলেছিল। গত বছর থেকে ইউএনওদের যে নিরাপত্তা দেওয়া হচ্ছে সেটি শুনানিতে এসেছিল। আদালত তখন বলেছে, ‘ইউএনওদের তো নিরাপত্তা দরকার, তাহলে সরকারকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া যেতে পারে। তবে আদেশের অনুলিপি এখনো আমরা হাতে পাইনি। এটি পেলে বিস্তারিত জানা যাবে।’ 

প্রসঙ্গত, বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশনের করা একটি সম্পূরক আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্ট উপজেলা পরিষদের অধীনে ন্যস্ত সব দপ্তরের কার্যক্রম উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুমোদনক্রমে ও বিধি অনুসারে করতে ইউএনওদের প্রতি নির্দেশনা দেন। এ বিষয়ে এর আগে জারি করা বিজ্ঞপ্তি অনুসরণের নির্দেশ দেয় আদালত। একই সঙ্গে হাইকোর্টের এ নির্দেশনা যাতে ইউএনওরা অনুসরণ করে সেজন্য পৃথক বিজ্ঞপ্তি জারি করতে মন্ত্রিপরিষদ সচিবের প্রতি নির্দেশ দেয় হাইকোর্ট।