অতিরিক্ত পণ্যবোঝাই ট্রাক চলাচলের কারণে আবার বেইলি ব্রিজের পাটাতন ভেঙে টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের টেংরীপাড়া এলাকায় বেইলি ব্রিজের পাটাতন ভেঙে গাছভর্তি একটি ট্রাক আটকে যায়।
এরপর থেকে দুপুর পর্যন্ত এ সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান।
তিনি জানান, নাগরপুর থেকে গাছভর্তি একটি ট্রাক মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। ভোর সারে ৪টার দিকে টেংরীপাড়া বেইলি ব্রিজের পাটাতন ভেঙে ট্রাকটি আটকে যায়। এরপর থেকেই এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেইলি ব্রিজটির ধারণক্ষমতা ৮ টন থাকলেও প্রতিনিয়ত এ ব্রিজ দিয়ে ১৫ থেকে ২০ টন ওজনের যানবাহন চলাচল করায় ঘটছে দুর্ঘটনা। গত ১৫ দিন আগেও এই ব্রিজটির পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ হয়েছিল। ওলোডের কারণে এ ধরনের ঘটনা ঘটে যান চলাচল বন্ধ হয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। স্থায়ী সমাধানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে।
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক বিভাগের সহকারি প্রকৌশলী এস.এম আলামিন বলেন, দ্রুতই ট্রাকটি সরানোসহ ব্রিজের পাটাতন সংস্কার করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।