চালকের গলায় ছুরি মেরে মোটরসাইকেল ছিনতাই

চট্টগ্রামের মিরসরাইয়ে যাত্রীবেশে চালকের গলা কেটে মোটরসাইকেল (নম্বরবিহীন) ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে করেরহাট-রামগড় সড়কের নয়টিলা মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ওই মোটরসাইকেলচালকের নাম আবদুল বারেক (২৩)। তিনি ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বারেক ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। বৃহস্পতিবার হেঁয়াকো থেকে দুই ছিনতাইকারী যাত্রীবেশে বারইয়ারহাট যাওয়ার কথা বলে তার মোটরসাইকেলে ওঠে। পথে নয়টিলা মাজার এলাকায় ছিনতাইকারী চক্রের সশস্ত্র সদস্যরা বারেককে প্রথমে অবরুদ্ধ করে মোটরসাইকেল নিয়ে যেতে চায়। এ সময় বারেক বাধা দিলে তার গলায় ছুরিকাঘাত করে রাস্তার পাশে ফেলে রেখে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে পথচারীরা বারেককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।  বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন রয়েছেন।