সিদ্ধিরগঞ্জে দুই শতাধিক থ্রি হুইলার আটক

সিদ্ধিরগঞ্জের শিমরাইল ক্যাম্পের হাইওয়ের পুলিশ অবৈধ দুই শতাধিক থ্রি হুইলার আটক করে ডাম্পিং ও মামলা দিয়ে পাঁচ লক্ষাধিক টাকা জরিমানা করেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড ও শিমরাইলসহ কয়েকটি পয়েন্টে শনিবার সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত অভিযান চালায় পুলিশ। 

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান ও শিমরাইল ক্যাম্পের টিআই (প্রশাসন) মো. মশিউর আলমের নেতৃত্বে এ অভিযানে উপস্থিত ছিলেন টিআই মো. মাসুম, মো. ওমর ফারুক, এসআই বেনু দাশ ও সার্জেন্টরা।

ওসি মনিরুজ্জামান জানান, মহাসড়কে থ্রি হুইলার চলাচল নিষিদ্ধ থাকার পরও পুলিশের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন শাখা প্রশাখা সড়ক দিয়ে থ্রি হুইলার মহাসড়কে উঠে পড়ে।

পুলিশের চোখে পড়লে তাৎক্ষণিক আটক করে ডাম্পিং ও জরিমানা করা হয়। তারপরও চালকরা মহাসড়কে উঠছে। এতে মহাসড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তাই অভিযান চালানো হয়েছে।

কোনভাবেই মহাসড়কে থ্রি হুইলার চালাচল করতে দেওয়া হবে না। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।