ধামাকা শপিং ডটকমের বকেয়া ২০০ কোটি টাকা পরিশোধের দাবি জানিয়েছে ই-কমার্স প্রতিষ্ঠানটিতে পণ্য সরবরাহকারীরা।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) ধামাকা শপিং ডটকম (ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের) সেলার অ্যাসোসিয়েশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
ধামাকা শপিং ডটকমের সেলার অ্যাসোসিয়েশনের গণযোগাযোগ বিষয়ক সমন্বয়ক জাহিদুর ইসলাম বলেন, ‘ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিং ডটকমের সেলার বা মার্চেন্ট হিসেবে প্রায় ৬৫০ জন এসএমই উদ্যোক্তা ২০২০ সালের ডিসেম্বর থেকে ধামাকা শপিং ডটকমের নির্দেশনা ও চুক্তি অনুযায়ী পণ্য সরবরাহ করে আসছিল। তিনি জানান, ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের সঙ্গে পণ্য সরবরাহের জন্য সেলারদের সঙ্গে চুক্তিতে স্পষ্ট লেখা ছিল পণ্য সরবরাহের পর ১০ কার্যদিবসের মধ্যে পাওনা অর্থ পরিশোধ করবে। কিন্তু ১৬০ কার্যদিবস পার হলেও পাওনা টাকা পরিশোধ করেনি প্রতিষ্ঠানটি।
জাহিদুর ইসলাম বলেন, ‘সেলারদের পাওনা টাকা উদ্ধারে প্রতিষ্ঠানের কর্মকর্তা ও পরিচালকদের সঙ্গে যোগাযোগ করেও মালিক পক্ষের কারও সাক্ষাৎ বা সমাধান পাইনি।’
সংবাদ সম্মেলনে ইনভেরিয়েন্ট টেলিকম বাংলাদেশ লিমিটেডের সেলার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, ‘যুব ব্যবসায়ী হিসেবে আমরা শেষ সম্বল বিক্রি করে, স্বজনদের কাছ থেকে ও ব্যাংক থেকে ঋণ নিয়ে এ প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করেছি। এখন রাস্তার ফকির ও নিঃস্ব হয়ে গেছি।’ পাওনা টাকা না পেলে মামলার পরিকল্পনা রয়েছে জানিয়ে অ্যাসোসিয়েশনের সভাপতি বলেন, ‘আমরা এখনো এক সপ্তাহ সময় দিতে চাই। এরপরও যদি বকেয়া টাকা ফেরত না দেয়, তাহলে অবশ্যই সামাজিক আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। এরপরও যদি দাবি আদায় না হয় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’