আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশে রাত ১২টার পর যারা টেলিভিশনের পর্দা গরম করে আর গরম গরম কথা বলেন, তাদের দিয়ে তত্ত্বাবধায়ক সরকার কখনো হবে না। সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন আওয়ামী লীগ সরকারই তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব পালন করবে। নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিথ্যা স্বপ্ন দেখে কোনো লাভ হবে না। গতকাল শনিবার বিকেলে ভোলার চরফ্যাশনে ব্রজগোপাল টাউন হলে সাবেক সাংসদ ও রাজনীতিবিদ অধ্যক্ষ এম এম নজরুল ইমলামের ২৯তম মৃত্যুবাষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যক্ষ নজরুল ইসলাম ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।
তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি সিরিজ মিটিং করছে তিন দিন ধরে। মিটিংয়ের মধ্যে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো নির্বাচনে যাবে না। নির্বাচন কোনো সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। সব ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে চলে য়ায়। তত্ত্বাবধায়ক সরকারের সেই স্বপ্ন দেখে আর লাভ নাই।’
ডিজিটাল বাংলাদেশ ও সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে তিনি আরও বলেন, ‘আজকে বাংলাদেশ বদলে গেছে। খালি পায়ে, ছেঁড়া কাপড়ে মানুষ দেখা যায় না। কুঁড়েঘর খুঁজে পাওয়া যায় না। এটিই হলো বদলে যাওয়া বাংলাদেশ। এ বদলে যাওয়া হয়েছে শেখ হাসিনার জাদুকরি নেতৃত্বের কারণে।’
ফাউন্ডশনের ভাইস চেয়ারম্যান কায়সার আহমেদ দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা-৪ আসনের সাংসদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। সম্মানিত অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. তৌফিক ইলাহী চৌধুরী, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। আমন্ত্রিত অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়র মো. মোরশেদ, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।
এর আগে আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের বাসভবনে ভোলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তথ্যমন্ত্রী। এ সময় ভোলা প্রেস ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমান ও সম্পাদক অমিতাভ রায় অপু, চরফ্যাশন প্রেস ক্লাবের সভাপতি আবুল হাসেম মহাজন ও সম্পাদক মনির আহমেদ শুভ্র বক্তব্য দেন। দুই প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বৈরী আবহাওয়ার মধ্যে মন্ত্রী চরফ্যাশনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন।