হাতিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সংঘর্ষে আহত ১০

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে হাতিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থী জিয়া আলী মোবারক  (নৌকা) এবং ফখরুল ইসলামের (আনারস) সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যায় উপজেলা সদর ওছখালী থেকে ৯ কিলোমিটার দক্ষিণে বুড়িরচর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের কালিরচর গ্রামের রাস্তার (বড় পোল থেকে দক্ষিণে) ওপর এ ঘটনা ঘটে।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি থমথমে। রাতে গুরুতর আহত আটজনকে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে। পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র এ খবর নিশ্চিত করেছে।

প্রত্যেকেই ধারালো অস্ত্রের আঘাতে শরীরের বিভিন্ন স্থানে আহত হয়েছেন। আহতরা হলেন- আনারস  প্রতীকের প্রার্থীর সমর্থক আবদুর রহমান (২৪), জহির উদ্দিন (৪৫), সাজ্জাদুল ইসলাম (৩৬), আনোয়ার হোসেন (২৭) ও আমির হামজা (৪০) এবং নৌকার প্রতীকের  প্রার্থীর সমর্থক ইব্রাহিম (৪৫), আরাফাত (১৮) ও মহিউদ্দিন (৪৫)।

উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত ইব্রাহিমকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, আগামী সোমবার (২০ সেপ্টেম্বর) হাতিয়ার দশটির মধ্যে সাতটি (হরনি, চানন্দি ও সুখচর বাদে) ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হরে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কাঞ্চন কান্তি দাস রাত দশটায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের ঘটনায় হাতিয়া থানায় কোনো মামলা হয়নি।