দেশে আবারও স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদান কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। সপ্তাহের নির্ধারিত এক দিন এ সুযোগ থাকবে। নিবন্ধিত-অনিবন্ধিত এবং ষাটোর্ধ্ব জনগোষ্ঠীকে স্পট রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকা দেওয়া হবে।
গতকাল রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ফেইসবুক লাইভে এসে এ কথা জানান। এ সময়ে তিনি টিকাদান কার্যক্রম নিয়ে বিস্তারিত পরিকল্পনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, আমাদের পর্যবেক্ষণ বা পর্যালোচনায় দেখা গেছে, ষাটোর্ধ্ব জনগোষ্ঠী বেশিরভাগ ক্ষেত্রে সংক্রমিত হয়েছেন এবং তাদের মধ্যে মৃত্যুর সংখ্যাও বেশি। এটা মাথায় রেখে টিকাদান কার্যক্রমে আমরা এগিয়ে যাচ্ছি। এ বিষয়টি মাথায় রাখতে হবে টিকা দেওয়ার সময় যারা বয়স্ক, তারা যেন পান।
অধ্যাপক খুরশীদ আলম বলেন, আমাদের হাতে পর্যাপ্ত টিকা মজুদ রয়েছে। ভবিষ্যতে প্রয়োজনীয় টিকা পাওয়ার উৎস নিশ্চিত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রতি মাসে ক্যাম্পেইনের মাধ্যমে এক কোটিসহ প্রায় দুই কোটি টিকা দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আর এ জন্য মাঠ পর্যায়ের টিকাদান কর্মসূচি আরও কীভাবে বাড়ানো যায় বা সম্প্রসারণ করানো যায়, সে বিষয়ে সচেষ্ট রয়েছি।