অবৈধ ৫৯টি আইপি (ইন্টারনেট প্রটোকল) টিভি বন্ধ করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গতকাল রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। তবে আইপি টিভিগুলোর নাম জানানো হয়নি।
আইপি টিভি-সংক্রান্ত বিভিন্ন বিষয় স্পষ্ট করতে বিটিআরসি বিজ্ঞপ্তিতে বলেছে, স্যাটেলাইট টেলিভিশনে প্রচারিত কন্টেন্টগুলো ইন্টারনেট প্রটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া হলো আইপি টিভি। বিটিআরসি কেবলমাত্র লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানকে আইপিভিত্তিক ডাটা সার্ভিসের (যেমন স্ট্রেমিং সার্ভিস, আইপি টিভি, ভিডিও অন ডিমান্ড) অনুমোদন দিয়ে থাকে। বিটিআরসির আইপি টিভি সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয়ের অনুমোদিত স্যাটেলাইট টিভি চ্যানেলগুলোর সম্প্রচার শুধু তাদের গ্রাহকদের প্রদর্শন করতে পারবে। এজন্য প্রতিটি চ্যানেল বা প্রোগ্রাম বা কন্টেন্ট প্রচারে প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে নিতে হয়।
তবে লক্ষ করা যাচ্ছে, কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন কিনে ফেইসবুক, ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপি টিভি প্রদর্শন করছে, যার কোনো অনুমোদন নেই। অনুমোদন ছাড়া এ ধরনের সম্প্রচার অনৈতিক ও আইনের পরিপন্থী। অনুমোদন না থাকায় এ ধরনের ৫৯টি আইপি টিভি বন্ধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে অবৈধ আইপি টিভির সাংবাদিক নামধারীদের চাঁদাবাজিসহ নানা অপকর্ম তুলে ধরে সংবাদ প্রকাশ করে দৈনিক দেশ রূপান্তর। এরপরই অবৈধ আইপি টিভি বন্ধের বিষয়ে নানা মহল থেকে দাবি উঠতে থাকে।