‘অভিষেকে’ অসন্তুষ্ট মেসি, পিএসজির রোমাঞ্চকর জয়

ফ্রেঞ্চ লিগ ওয়ানে লিওনেল মেসির অভিষেক হয়েছিল আগে। ২৯ আগস্ট রিমসের মাঠে দ্বিতীয়ার্ধে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সেই ম্যাচে ২-০ গোলে জয় পায় পিএসজি।

এরপর ফরাসি জায়ান্টদের জার্সিতে চ্যাম্পিয়নস লিগেও অভিষেক হয়েছে মেসির। গত সপ্তাহে বেলজিয়ামের ক্লাব ব্রুগের মাঠে ১-১ ব্যবধানে ড্রয়ের ম্যাচে প্রথমবারের মতো মাউরিসিও পচেত্তিনোর একাদশে জায়গা করে নেন তিনি। সেই সঙ্গে প্রথমবারের মতো একই জার্সিতে দেখা মেলে পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ত্রিফলা— মেসি-নেইমার-কিলিয়ান এমবাপ্পেকে।

ফের ‘এমএনএম’-কে দেখা গেল লিওঁ’র বিপক্ষে। এই ম্যাচ দিয়ে পিএসজির ঘরের মাঠ পার্ক দে প্রিন্সেসে অভিষেক হলো মেসির। শুরুতে আর্জেন্টাইন তারকার একাদশে না থাকার গুঞ্জন থাকলেও পচেত্তিনো একাদশ সাজান ত্রিফলাকে নিয়ে। আক্রমণভাগে তাদের সঙ্গে যোগ দেন আনহেল দি মারিয়াও।

কিন্তু তারকাসমৃদ্ধ দল সাজিয়েও লিওঁকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে পিএসজিকে। মেসি-নেইমারদের সঙ্গে সমানতালে লড়াই করেছেন জাদরান শাকিরি-এমারসন-জেরম বোয়েটাংরা।

বার্সেলোনা ছেড়ে মেসি প্যারিসে এসেছেন ৪০ দিন হয়। আন্তর্জাতিক বিরতি ও ফিটনেস কারণে এখন পর্যন্ত পিসএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ খেলেছেন তিনি। তবে এখনো পাননি জালের দেখা। লিওঁর বিপক্ষে পচেত্তিনোর কপালের দুশ্চিন্তা দূর করেন নেইমার ও মাউরো ইকার্দি। পিছিয়ে পড়েও পিএসজি জিতেছে ২-১ ব্যবধানে।

৫৪তম মিনিটে টোকো একাম্বির পাসে পিএসজির জাল খুঁজে ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস পাকুয়েতা। পিছিয়ে পড়ে দুর্দান্ত কামব্যাক করে পচেত্তিনোর দল। বিতর্কিত এক পেনাল্টি থেকে দলকে সমতায় ফেরান নেইমার।

বক্সের ভেতরে কিশোর ডিফেন্ডার মালো গাস্তো বাধা দেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। এই ফাউল অত মারাত্মক না হলেও ৬৩তম মিনিটে পেনাল্টি দেওয়া হয় পিএসজিকে। এর তিন মিনিট পর স্পট-কিকে গোল শোধ করেন নেইমার।

৭৬তম মিনিটে মেসির পরিবর্তে মাঠে নামানো হয় ডিফেন্ডার আশরাফ হাকিমিকে। কিন্তু পচেত্তিনোর সিদ্ধান্তে খুশি হতে পারেননি আর্জেন্টাইন তারকা। ‘অসন্তুষ্টি’ নিয়ে মাঠ ছাড়েন মেসি। ম্যাচে গোলের দেখাও পেতে পারতেন এলএমটেন। বিরতিতে যাওয়ার আগে তার দুর্দান্ত ফ্রি-কিক প্রতিহত হয় ক্রসবারে।

পিএসজির জয়ের নায়ক ইকার্দি ৮২তম মিনিটে মাঠে নামেন দি মারিয়ার পরিবর্তে। নির্ধারিত সময় পর্যন্ত ১-১ ব্যবধানে সমতায় থাকে ম্যাচ। অতিরিক্ত তৃতীয় মিনিটে পিএসজির জয়সূচক গোল করেন ইকার্দি। এমবাপ্পের পাস থেকে লিওঁর জাল খুঁজে নেন আর্জেন্টাইন স্ট্রাইকার।

এ নিয়ে লিগ ওয়ানে টানা ৬ ম্যাচে জয় পেল পিএসজি। ১৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষস্থানেও তারা। সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে লিওঁ।