আইপিএলে বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নেমেছে কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানকে একাদশে রাখেনি কলকাতা।
সোমবার আবুধাবিতে বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হয়েছে ম্যাচটি। গত মে-তে মাঝ পথে স্থগিত হওয়ার পর রবিবার থেকে সংযুক্ত আরব আমিরাতে ফের শুরু হয়েছে আইপিএল। দ্বিতীয় পর্বে কলকাতার এটিই প্রথম ম্যাচ।
স্থগিত হওয়ার আগে এবারের আসরে সাকিবের পারফরম্যান্স ছিল হতাশাজনক। তিনটি ম্যাচ খেলে করতে পারেন তিনি কেবল ৩৮ রান, ওভার প্রতি আটের বেশি রান দিয়ে নেন ২ উইকেট।
এদিনের ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বেঙ্গালুরু অধিনায়ক কোহলি। বেঙ্গালুরুর হয়ে ভারত অধিনায়কের এটি ২০০তম ম্যাচ।
একদিন আগেই কোহলি জানিয়েছেন, এবারের আইপিএলের পর বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়বেন তিনি। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের টি-টোয়েন্টি অধিনায়কত্বও ছেড়ে দেওয়ার কথা আগেই জানিয়েছেন তিনি।