পাকিস্তানে ১৫০০ কোটি ডলারের চীনা বিনিয়োগ

পাকিস্তানের পেট্রোকেমিক্যাল খাতে ১৫ বিলিয়ন (১ হাজার ৫০০ কোটি) ডলার বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে পাকিস্তানের বন্দর নগরী গোয়াদার থেকে চীন পর্যন্ত সুদীর্ঘ একটি জ্বালানি পাইপলাইন তৈরির প্রকল্পও অন্তর্ভুক্ত থাকছে বলে জানিয়েছে এপিপি।

তবে এসব বিনিয়োগ চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (সিপিইসি) প্রকল্পের অংশ কি না তা এখনো নিশ্চিত নয়। সিপিইসির অধীনে পাকিস্তানে ছয় হাজার কোটি ডলারের বেশি ব্যয়ে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে চীন।

অ্যাসোসিয়েটেড প্রেস অব পাকিস্তানের (এপিপি) সঙ্গে আলাপকালে পাকিস্তান বিনিয়োগ বোর্ডের সচিব ফারিহা মাজহার জানিয়েছেন, দেশটির পেট্রোকেমিক্যাল খাতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করতে প্রস্তুত চীনের বেশ কিছু প্রতিষ্ঠান। তিনি জানান, পাকিস্তানে চীনা বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রকল্প নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা চলছে। চীনা প্রতিষ্ঠানগুলো পাকিস্তানে জ্বালানির পাশাপাশি কৃষি, পর্যটনসহ অন্যান্য খাতেও বিনিয়োগ করবে বলে আশাপ্রকাশ করেন এ কর্মকর্তা।

চীনের সিপিইসি প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তানের গোয়াদার বন্দর। দুই দেশের মধ্যে তেল-গ্যাস সরবরাহ পাইপলাইনের শেকড় ওই বন্দরে। তবে ওই পাইপলাইনটির একটি অংশ পাকিস্তানশাসিত কাশ্মীরের ভেতর দিয়ে যাওয়ায় তা নিয়ে আপত্তি রয়েছে ভারতের।