বিএনপির দ্বিতীয় দফার সিরিজ বৈঠক আজ থেকে শুরু

আগামী দিনের রাজনৈতিক কর্মকৌশল ঠিক করতে বিএনপির দ্বিতীয় দফায় তিন দিনের সিরিজ বৈঠক শুরু হচ্ছে আজ মঙ্গলবার। বৈঠকের প্রথম দিন ঢাকা ও ফরিদপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি (জাতীয় নির্বাহী কমিটির সদস্য নয়) মিলে ১২৬ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। গতকাল সোমবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন দলটির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

প্রিন্স বলেন, দ্বিতীয় দিন বুধবার বৈঠক হবে চট্টগ্রাম, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগের নির্বাহী কমিটির সদস্য ও জেলা সভাপতি মিলে ১২৯ জনের সঙ্গে। শেষ দিন বৃহস্পতিবার খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের নির্বাহী কমিটির সদস্য এবং জেলা সভাপতি মিলে ১০৮ জনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।

এর আগে গত সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার তিন দিনের সিরিজ বৈঠক করে বিএনপি। এরপর গত শনিবার অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় দ্বিতীয় দফায় বাদ পড়া নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়। এর আগে কৃষক দলের নতুন কেন্দ্রীয় কমিটির নেতারা বিএনপি মহাসচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।