অবৈধ সম্পদ

মালেক দম্পতির বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে করা মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সেই আলোচিত গাড়িচালক মো. আব্দুল মালেক (৬৩) ও তার স্ত্রীর বিরুদ্ধে গতকাল মঙ্গলবার অভিযোগপত্র (চার্জশিট) অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের (বর্তমানে বরখাস্ত) বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯৩ লাখ ৫৩ হাজার ৬৪৮ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য গোপন করে মিথ্যা বা ভিত্তিহীন ঘোষণা প্রদানসহ অসাধু উপায়ে অর্জিত ও তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ৫০ লাখ ৩১ হাজার ৮১০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং এগুলো ভোগদখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। একই সঙ্গে তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৯২ হাজার ৫০ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে পারস্পরিক যোগসাজশে ভোগদখলে রাখায় প্রত্যক্ষভাবে সহায়তা করার অপরাধে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) এবং দণ্ডবিধি ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুদক।

এর আগে সোমবার ঢাকার বিশেষ আদালত (ট্রাইব্যুনাল-৪) অস্ত্র আইনের মামলায় মালেককে দুটি অভিযোগে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে।