তথ্যপ্রযুক্তি ও সেবা খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চান এফবিসিসিআই সভাপতি

মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে নতুন নতুন খাতে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন। গতকাল ‘বাংলাদেশ ফরওয়ার্ড : দ্য নিউ ফ্রন্টিয়ার ফর গ্রোথ’ শীর্ষক ভার্চুয়াল সভায় এই আহ্বান জানান এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

বর্তমানে দেশের গ্যাস, খনিজ, ব্যাংকিং-বীমা, বিদ্যুৎ, বস্ত্র ও বাণিজ্য খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ আছে এ কথা উল্লেখ করে এফবিসিসিআই সভাপতি বলেন, বাংলাদেশের উৎপাদনমুখী শিল্প, তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা খাতে যুক্তরাষ্ট্রের উদ্যোক্তাদের ভালো সম্ভাবনা আছে। এমনকি সমুদ্র অর্থনীতিতেও বিনিয়োগ করতে পারেন তারা।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের সমান্তরালে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে এই অনুষ্ঠান আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম, এফবিসিসিআই সহসভাপতি  মোস্তফা আজাদ চৌধুরী, সাবেক সভাপতি মো. শফিউল ইসলাম, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল ডেভেলপমেন্ট ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড বোর্ড চেয়ারম্যান জে আর প্রায়র, ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রেসিডেন্ট নিশা বিসওয়াল, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকার সভাপতি নিহাদ কবীর, তৈরি  পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, ঢাকা  চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান। এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এফবিসিসিআই সভাপতি বলেন, বিদেশি উদ্যোক্তাদের বিনিয়োগ সহজ ও লাভজনক করতে অবকাঠামো উন্নয়ন, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি সুবিধা নিশ্চিত করার পাশাপাশি সামগ্রিকভাবে ব্যবসার পরিবেশ উন্নত করতে সরকার নজর দিয়েছে। কারখানা স্থাপনে জমির সহজলভ্যতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা নিশ্চিতে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কাজ চলছে। তিনি আরও বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি। পরিবেশবান্ধব সবুজ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা টেকসই চতুর্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত।

জ্বালানি, প্রযুক্তিগত দক্ষতা ও কারিগরি জ্ঞান স্থানান্তরের মাধ্যমে যৌথ সহযোগিতার ক্ষেত্র আরও শক্তিশালী করতে মার্কিন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান জসিম উদ্দিন। তিনি বলেন, ব্যবসায়িক নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম চালুর পাশাপাশি উভয় দেশের উদ্যোক্তাদের মধ্যে বৈঠক ও বাণিজ্যমেলা আয়োজনে এফবিসিসিআই আগ্রহী।