পোলট্রি, মৎস্য ও ক্যাটল ফিড তৈরির অন্যতম উপাদান সয়াবিন মিল রপ্তানি বন্ধের দাবি জানিয়ে ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতারা বলেছেন, সয়াবিন মিল রপ্তানির সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই স্থানীয় সয়াবিন মিল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দাম কেজিপ্রতি ১০-১২ টাকা বৃদ্ধি ও সরবরাহ কমিয়ে দিয়েছে। ফলে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে। সয়াবিন মিলের সংকটের কারণে অনেক ফিডমিলের উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন খরচ বেড়ে গেছে। প্রচুর খামার বন্ধ হয়ে যাচ্ছে। রপ্তানি বন্ধ না হলে হারিয়ে যাবে অর্ধেক খামারি ।
গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে সংগঠনটির পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। সংগঠনটির সাধারণ সম্পাদক আহসানুজ্জামান বলেন, সয়াবিন মিল বিদেশে রপ্তানি করলে দেশের প্রায় অর্ধেক খামার ব্যবসায়ী ব্যবসা বন্ধ করতে বাধ্য হবে। সে ক্ষেত্রে কিছু মনোপলি ব্যবসায়ীর নিয়ন্ত্রণে চলে যাবে এ সেক্টরটি।