নারীদের শিক্ষাবঞ্চিত করা ইসলামসম্মত নয় : ইমরান খান

আফগানিস্তানে নারীদের শিক্ষা গ্রহণ থেকে বিরত রাখা ইসলামসম্মত নয় বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। গত মঙ্গলবার বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি।

ইমরান খান বলেন, তালেবান সরকারকে পাকিস্তানের স্বীকৃতি পেতে হলে নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন ও মানবাধিকারকে সম্মান করার আহ্বান জানান তিনি। ইমরান খান বলেন, ‘তালেবান নেতৃত্ব অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনে ব্যর্থ হলে আফগানিস্তানে গৃহযুদ্ধ হতে পারে। এতে মানবিক ও শরণার্থী সংকট দেখা দিতে পারে। আফগানিস্তানকে সন্ত্রাসীদের আস্তানা হিসেবে ব্যবহার করতে দেওয়া উচিত নয়, যাতে পাকিস্তানের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে।’

গত সপ্তাহে তালেবান স্কুল খোলার সময় মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেয়নি। তালেবান নেতারা বলছেন, ইসলামী আইনের কাঠামোর মধ্য দিয়ে তারা নারীর অধিকারকে সম্মান করবে।

ইমরান খান মনে করেন, এখন পর্যন্ত তালেবান যেসব বিবৃতি দিয়েছে, তা উৎসাহব্যঞ্জক। তার ধারণা, তালেবান মেয়েদের স্কুলে যাওয়ার অনুমতি দেবে। মেয়েরা শিক্ষিত হবে না এমন ধারণা ইসলামসম্মত নয়। এর সঙ্গে ধর্মের সম্পর্ক নেই বলে জানান তিনি।