এটিএম বুথ ডাকাতির ঘটনায় চার আসামির ৫ দিনের রিমান্ড

সিলেটের ওসমানীনগর উপজেলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) এটিএম বুথ থেকে ২৪ লাখ ২৫ হাজার টাকা ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সিলেটের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ভূঁইয়ার আদালতে তাদের হাজির করে প্রত্যেকের সাত দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, শামীম আহমেদ, নূর মোহাম্মদ, আবদুল হালিম ও সাফি উদ্দিন জাহির।

সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল ও গণমাধ্যম) লুৎফুর রহমান আসামিদের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে জানান, সাত দিন করে রিমান্ড চাওয়া হলে আদালত প্রত্যেক আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন।      

এদিকে বৃহস্পতিবার দুপুরে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এক সংবাদ সম্মেলন করে জানান, ব্যাংকের বুথ থেকে টাকা লুটের ঘটনায় জড়িত সাফি উদ্দিন জাহিরকে হবিগঞ্জ থেকে গত বুধবার রাতে সিলেট জেলা গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করে। অপর তিন আসামিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তার করে সিলেট জেলা পুলিশের কাছে হস্তান্তর করে।  

গত ১৩ সেপ্টেম্বর ভোরে ওসমানীনগর উপজেলার শেরপুর পশ্চিমবাজারে ইউসিবিএলের বুথে ডাকাতির ঘটনা ঘটে। মুখোশধারী চার ডাকাত বুথের নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে বুথ ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫শ টাকা লুটে নেয়। এ ঘটনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে ওসমানীনগর থানায় মামলা করেন।