বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২০ শয্যা ভবনে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই কর্মচারী আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষে ঘটনাটি ঘটে।
আহতরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাবরক্ষক রেজাউল ইসলাম (৪০) ও হারবাল অ্যাসিস্ট্যান্ট মো. হান্নান (৪৫)।
আহত হারবাল সহকারী হান্নান বলেন, অফিসে কাজ করার সময় ছাদের পলেস্তারা খসে মাথায় পড়ে। হাতসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পেয়েছি। চিকিৎসা নিয়ে বর্তমানে বাড়িতে চলে আসছি।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. শওকত আলী জানান, বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসা দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। বর্তমানে তারা শঙ্কামুক্ত।