নির্বাচনী জনসভায় মমতা

ভবানীপুরে গাছ পুঁতলে দিল্লিতে গিয়ে বড় হবে

পশ্চিমবঙ্গের বিধানসভা উপনির্বাচনে ভবানীপুর আসনে নিজের জন্য ভোট চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেছেন, ‘আপনাদের একেকটা ভোট দামি। এই ভোটই আগামী দিনে দিল্লির পথে পা বাড়াতে সাহায্য করবে।’

গত বুধবার ভবানীপুর কেন্দ্রের মনসাতলায় নির্বাচনী জনসভায় এসব কথা বলেন মমতা ব্যানার্জি। খবর এনডিটিভির। উপনির্বাচনের গুরুত্ব তুলে ধরে মমতা বলেন, ‘এই ভবানীপুরে গাছ পুঁতলে দিল্লিতে গিয়ে গাছ বড় হবে। এবার আপনারা এই ভবানীপুরেই গাছের চারাটা পুঁতে দিন।’ ভবানীপুরে তৃণমূল থেকে প্রার্থী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিজেপির বিশিষ্ট আইনজীবী প্রিয়াংকা টিবরেওয়াল।

প্রচারণা সভায় মমতা বলেন, ‘অনেকে ভাবছেন দিদি এমনিতেই জিতে যাবে। কিন্তু প্রতিটি ভোটই দামি। একটা ভোট না দিলে আমার ক্ষতি হয়ে যাবে। ভোট না দিলে আমাকে আপনারা পাবেন না। এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে অপরিবর্তিত রাখতে আপনারা এবারও আমাকে ভোট দিন।’

তিনি বলেন, ‘বাংলার খেলায় আমরা জিতেছি। এবার খেলা হবে আসাম, গোয়া, উত্তরপ্রদেশ ও ত্রিপুরায়।’ আগামী বছর উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পাঞ্জাব রাজ্যে এবং ২০২৩ সালে ত্রিপুরা রাজ্যে বিধানসভা নির্বাচন হবে।

এবারের বিধানসভা নির্বাচনে মমতা পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসনে ১ হাজার ৯৫৬ ভোটে হেরে যান। তবে সংবিধান মেনে তৃণমূল কংগ্রেস মমতাকে মুখ্যমন্ত্রী করে। ৩০ সেপ্টেম্বরের নির্বাচনে জিতলে মুখ্যমন্ত্রী পদে টিকে থাকবেন তিনি।