সাংবাদিকদের কাদের

মাহবুব তালুকদারের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত

নির্বাচনে প্রতিযোগিতার জন্য তো বিএনপিরও অংশগ্রহণ প্রয়োজন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘কিন্তু মাহবুব তালুকদার তো নির্বাচনে বিএনপিকে আনতে পারেননি।’

গতকাল বৃহস্পতিবার নিজ বাসভবনে ব্রিফিংয়ে নির্বাচনে প্রতিযোগিতা না থাকার বিষয়ে নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদারের বক্তব্য প্রসঙ্গে এ মন্তব্য করেন তিনি।

ইসি মাহবুব তালুকদারের বক্তব্য ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘তা না হলে মাহবুব তালুকদার একটি দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের বক্তব্য কীভাবে দেন? মাহবুব তালুকদার নির্বাচনে ভোটারদের অনাগ্রহের কথা বলেন, অথচ এই করোনার মধ্যেও সম্প্রতি শেষ হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল প্রায় ৬৯ শতাংশ।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশ যখনই এগিয়ে যায় বিএনপির নেতৃত্বে প্রতিক্রিয়াশীল একটি মহল দেশের অগ্রযাত্রার গতিকে থামিয়ে দিতে চায়। তারা চায় দেশকে অস্থিতিশীল করে তুলতে এবং আন্দোলনের নামে জনগণের সম্পদ বিনষ্ট করতে।’

ওবায়দুল কাদের বলেন, ‘করোনার স্থবিরতা কাটিয়ে জনজীবনে গতি ফিরতে শুরু করেছে। এ সময়ে আমাদের সবার রাজনৈতিক স্থিতিশীলতা এবং উন্নয়নবান্ধব পরিবেশ নিশ্চিত করা জরুরি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘সরকার নাকি মানুষের আশা-আকাক্সক্ষাকে পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। আসলে বিএনপিই মানুষের আশা-আকাক্সক্ষার কোনো মূল্য দেয়নি।’

আর্থসামাজিক প্রতিটি সূচকে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘মানুষের মনে আশা জাগিয়ে লক্ষ লক্ষ তরুণ প্রাণে স্বপ্ন জাগিয়েছে শেখ হাসিনা সরকার। সরকার বেগম জিয়াকে বেআইনিভাবে সাজা দিয়ে বন্দি করে রাখেনি, বরং বেগম জিয়ার সাজা স্থগিত করে তাকে বাসায় থেকে চিকিৎসা গ্রহণের সুযোগ করে দিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন, সরকার নাকি তারেক রহমানকে নির্বাসনে রেখেছে। বিএনপি নেতাদের এই বক্তব্য অসংখ্য মিথ্যাচারের একটি।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানতে চান, ‘কে মুচলেকা দিয়ে চিকিৎসার নামে দেশ থেকে পালিয়েছে। রাজনীতি না করার শর্তে তত্ত্বাবধায়ক সরকারকে মুচলেকা দিয়ে সে নিজেই দেশ থেকে পালিয়েছে।’