রাজারবাগ পীর ও দরবারের সম্পদ তদন্তের আদেশ বহাল

রাজধানীর রাজারবাগের দরবার শরীফ ও পীর দিল্লুর রহমানের সম্পদের বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেনি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে রিট মামলার এক বিবাদীর পক্ষে করা আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান এ বিষয়ে আগামী ২৪ অক্টোবর শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়েছেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম কে রহমান। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শিশির মনির দেশ রূপান্তরকে বলেন, ‘চেম্বার আদালতের এ আদেশের ফলে হাইকোর্টের আদেশটি বহাল রয়েছে। ২৪ অক্টোবর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির তারিখ ধার্য করেছে আদালত।’  

এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৯ সেপ্টেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রাজারবাগের পীর ও দরবার শরীফের সম্পদের তদন্ত করতে দুদককে নির্দেশনাসহ দরবার শরীফের কার্যক্রমে জঙ্গি সম্পৃক্ততা রয়েছে কি না সে বিষয়ে তদন্ত করতে পুলিশের সিটিটিসি-কে (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) নির্দেশ দিয়ে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে। এছাড়া রাজাবাগের পীর ও তার মুরিদ কর্তৃক ৮ ব্যক্তিকে মামলা দিয়ে কারা হয়রানি করছে সে বিষয়ে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্ত করে ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেয়  হাইকোর্ট।

রাজারবাগের পীর ও দরবার শরীফের মালিকানায় থাকা সম্পদের বিবরণ, লভ্যাংশ, পীরের সম্পত্তি এবং ব্যংক হিসাবের তদন্ত করে একটি প্রতিবেদন আদালতে দাখিল করতে দুদকের প্রতি নির্দেশনা চেয়ে গত ১৬ সেপ্টেম্বর উচ্চ আদালতে এ রিট  আবেদনটি করা হয়। আবেদনে রাজারবাগের পীর ও তার মুরিদ কর্তৃক গায়েবি মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে মামলার বিষয়ে তদন্ত চাওয়া হয়। মামলার শিকার বেশ কয়েক ভুক্তভোগীর পক্ষে আবেদনটি করেন অ্যাডভোকেট শিশির মনির। এতে হয়রানি ও অপদস্থ করতে আবেদনকারীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন এলাকায় মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর ফৌজদারি মামলা দায়েরকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রশ্নে রুল চাওয়ার পাশাপাশি আবেদনকারীদের বিরুদ্ধে কারা এবং কেন এসব হয়রানিমূলক মামলা করেছে, তাদের চিহ্নিত করে আদালতে প্রতিবেদন দিতে সিআইডির প্রতি নির্দেশনা চাওয়া হয়।