হাইকোর্টে জামিন পেলেন শাল্লার সেই ঝুমন দাস

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা সুনামগঞ্জের শাল্লার ঝুমন দাসকে জামিন দিয়েছে উচ্চ আদালত। তার করা জামিনের আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এক আদেশে ঝুমন দাসকে শর্তসাপেক্ষে এক বছরের জামিন দেয়।

জামিনের শর্তে বলা হয়েছে, আদালতের অনুমতি ছাড়া ঝুমন দাস সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না।

গত সোমবার ঝুমন দাসের জামিনের আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট আদেশের জন্য ২৩ সেপ্টেম্বর (গতকাল) ধার্য করে। তার পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। সঙ্গে ছিলেন আইনজীবী নাহিদ সুলতানা যুথি। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মো. মিজানুর রহমান।

অ্যাডভোকেট জেড আই খান পান্না দেশ রূপান্তরকে বলেন, ‘ঝুমন দাসকে এক বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিনের শর্ত হিসেবে আদালত বলেছেন, আদালতের অনুমতি ছাড়া তিনি সুনামগঞ্জের বাইরে যেতে পারবেন না। এখন হাইকোর্টের জামিন আদেশের এই নথি পৌঁছার পর ঝুমন দাস কারাগার থেকে মুক্তি পাবেন।’  

হেফাজতের সাবেক নেতা মামুনুল হককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগ তুলে গত ১৭ মার্চ শাল্লার নোয়াগাঁওয়ে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ি ও মন্দিরে হামলা চালানো হয়। ভাঙচুর করা হয় অন্তত শতাধিক বাড়ি ও মন্দির। এ ঘটনার পর ঝুমন দাসের বিরুদ্ধে শাল্লা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। সেই থেকে কারাগারে ছিলেন তিনি। সুনামগঞ্জের সংশ্লিষ্ট আদালতে ঝুমন দাসের জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর গত ২২ আগস্ট হাইকোর্টে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন ঝুমন দাস। বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শাল্লায় হিন্দুদের বাড়ি ও মন্দিরে ভাঙচুরের ঘটনার নিন্দা জানিয়ে ঝুমন দাসের মুক্তির দাবি জানিয়ে আসছিল।