পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী

বিমানবন্দরে কাল থেকে করোনা পরীক্ষা শুরু

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কাল শনিবার থেকে শুরু হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাব স্থাপন কাজ সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুত করার জন্য আমি নিজে গত পরশু এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ (বৃহস্পতিবার) সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে। ইতিমধ্যে বেশ কয়েকটি মেশিনও চলে এসেছে। তিনি বলেন, এ নিয়ে স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা অক্লান্ত পরিশ্রম করছেন। সব ঠিক থাকলে আগামী পরশুর মধ্যেই বিদেশগামী দেশের মানুষজন এ পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘেœ বিদেশে যেতে পারবেন। ল্যাবের সংখ্যা কত ও দৈনিক কতজন মানুষ ল্যাবগুলোতে পরীক্ষা করতে পারবেন? এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে  মোট ছয়টি ল্যাবে ১২টি মেশিন বসানো হবে। ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুত পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে। ব্রিফিংকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব ও সাংসদ আনোয়ার হোসেন খান, স্বাস্থ্য অধিপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম খুরশিদ আলম, বিমানবন্দর কর্তৃপক্ষের নির্বাহী পরিচালকসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর সরকার বেসরকারি সাতটি প্রতিষ্ঠানকে পিসিআর স্থাপনের অনুমতি দেয়। প্রতিষ্ঠানগুলো হচ্ছে জয়নুল হক সিকদার উইমেন্স মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল,  স্টেমজ হেলথ কেয়ার (বিডি) লিমিটেড ঢাকা, সিএসবিএফ হেলথ  সেন্টার, এ এম জেড হাসপাতাল লিমিটেড, আনোয়ার খান মডার্ন  মেডিকেল কলেজ হাসপাতাল, গুলশান ক্লিনিক লিমিটেড ও ডিএমএফআর মলিকুলার ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক।