লাইভে এসে মাতালেন শাবনূর

নব্বই দশকের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর দীর্ঘদিন ধরেই বসবাস করছেন অস্ট্রেলিয়ায়। মাঝে মাঝে দেশে এলেও খুব বেশিদিন থাকেন না। সেখানেই ছেলে আইজান ও বোনের সঙ্গে বসবাস করছেন তিনি। শাবনূরকে সর্বশেষ দেখা গিয়েছিল এম এম সরকারের অসমাপ্ত ছবি ‘পাগল মানুষ’-এ। এম এম সরকারের মৃত্যুর পর ছবিটির কাজ শেষ করেছিলেন বদিউল আলম খোকন। ছবিটি ২০১৫ সালে মুক্তি পায়। নিয়মিত কাজ না করলেও শাবনূরের জনপ্রিয়তা এতটুকু কমেনি। ভক্তরা এখনো এই সুপারস্টার নায়িকার জন্য মুখিয়ে থাকেন। শাবনূরও ভক্তদের সেই ভালোবাসা বহুদূরে বসেও টের পান। আর তাই ভক্তদের ভালোবাসা পেতে ইউটিউবে হাজির হয়েছেন, ফেইসবুকেও সরব হয়েছেন শাবনূর। দেশ রূপান্তরকে শাবনূর বলেন, ‘অনেক দিন ধরেই ভাবছিলাম একটা ইউটিউব চ্যানেল করব। শেষ পর্যন্ত করা হলো। এর আগে অফিশিয়াল ফেইসবুক পেজও করেছি। ইনস্টাগ্রামেও আছি। আসলে এখন তো সবাই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব। এতদিন এসব মাধ্যমে না থাকার কারণে অনেকেই প্রশ্ন করেছেন আমি কেন নেই। অনেকেই আমার আপডেট জানতে চাইতেন। তো এসব কারণেই সবার কাছাকাছি থাকতে আমিও সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হলাম।’ শাবনূর আরও বলেন, ‘অস্ট্রেলিয়ায় পরিবারের সঙ্গে বেশ ভালো সময় কাটছে। অবসর সময়টা কাজে লাগাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হচ্ছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’ গত ১৪ সেপ্টেম্বর থেকে অফিশিয়ালি চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল। এর আগে অফিশিয়াল ফেইসবুক পেজও করেছেন। সেই পেজ থেকে গতকাল প্রথমবার লাইভ করেন শাবনূর। এ লাইভ দেখতে লাখ লাখ ভক্ত হাজির হয়েছিলেন। শুরুতেই  শাবনূর বলেন, ‘আপনারা আমাকে দেখতে চান, আমার কাজ দেখতে চান, আপনারা আমাকে মনে রেখেছেন। এর চেয়ে বড় কিছু হতে পারে না।’ সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরের নামে অসংখ্য পেজ। আসল শাবনূর কোনটা। এক ভক্তের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি তার নামে পেজ নকল করে নতুন পেজ বানানো বন্ধ করার অনুরোধ জানিয়েছেন। শাবনূর বলেন, ‘আমার পেজ নকল করে যারা পেজ বানাচ্ছেন সেটা ঠিক করছেন না। যারা করছেন তারা বন্ধ করে দেবেন। আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই। সেটা কেউ যখন কপি করে তখন খারাপ লাগে। আর আমার নামে অসংখ্য পেজ দেখে ভক্তরা কনফিউজড হয়ে যান কোনটা আসল আমি। ফলে এটা বন্ধ করুন। নাহলে আইনি পদক্ষেপ নেব। আমি সবাইকে ভালোবাসি। কাউকে আঘাত দিতে চাই না। সবাই বিষয়টা মনে রাখবেন।’ তিনি আরও বলেন, ‘এই পেজ থেকে লাইভ করার কারণ তোমরা যেন আসল শাবনূরকে ভালোবাসতে পারো। তোমরা যেন প্রতারিত না হও। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, ব্যক্তিজীবনেও তোমরা আসল হয়ে ওঠো।’  আবার সিনেমায় শাবনূরকে দেখা যাবে কিনা, কবে ফিরবেন শাবনূর? জবাবে তিনি বলেন, ‘আমার কামব্যাক করার কিছু নেই। আমি ইন্ডাস্ট্রির মানুষ। ইন্ডাস্ট্রিতেই আছি। আমি চাই সুন্দর সুন্দর কাজ করতে। ভবিষ্যতেও কাজ করব।’  আবারও কমার্শিয়াল সিনেমায় দেখা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের বেশিরভাগের জীবনেই নানা যন্ত্রণা, নানা দুঃখ। আমরা আমাদের লাইফে সবাই বিনোদন চাই। আমি অভিনেত্রী। সব ধরনের সিনেমায় কাজ করতে চাই। এমন চরিত্র চাই, যেখানে আমাকে নিয়ে ভাবা হবে। যে সিনেমা দেখলে দর্শকরা মনে করবেন তাদের অন্তরের কথা বলতে পেরেছি। আমি অবশ্যই সিনেমা করব। মানুষকে মনোরঞ্জন করতে আবারও কাজ করব অবশ্যই, যদি ভালো গল্প পাই।’

শাবনূর জানালেন প্রতি শুক্রবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবেন। এই লাইভে শাবনূরের সঙ্গে ছিল তার খুদে টিমও। ১৯৯৩ সালে এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে রুপালি জগতে পা রাখেন শাবনূর। এরপর ১৯৯৪ সালে জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ সিনেমা দিয়ে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এই ছবির মাধ্যমেই তিনি সালমান শাহর সঙ্গে জুটি গড়েন। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।