জীবনে সফলতা অর্জন করতে হলে যেসব গুণাবলি বা দক্ষতার প্রয়োজন তার মধ্যে অন্যতম হচ্ছে বই পড়া বা বই থেকে জ্ঞান অর্জন। প্রতিদিন বই পড়ার বেশ কিছু উপকারিতা রয়েছে। জেনে নিন এ বিষয়ে
বুদ্ধিমত্তা বৃদ্ধি
যত পড়া যায়, ততই নতুন তথ্য জানা যায়। নতুন একটি বই মানেই অজানার নতুন এক দুয়ার খুলে যাওয়া। যখন কোনো বই পড়া হয় বইয়ের যাবতীয় তথ্য মস্তিষ্কে থেকে যায়। বিভিন্ন ভাষার বই পড়লে শব্দভান্ডার বৃদ্ধি পায়।
মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি
বই পড়লে ব্যক্তির মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। সেই সঙ্গে অ্যালঝেইমার্স ও ডাইমেনশিয়ার মতো মানসিক সমস্যা প্রতিরোধে সাহায্য করে। বই পড়লে মস্তিষ্কে উদ্দীপনা তৈরি হয়, যা এক ধরনের ব্যায়ামও বটে। শরীরের অন্যান্য অংশের মতোই মস্তিষ্কেরও ব্যায়ামের প্রয়োজন রয়েছে।
মানসিক চাপ কমায়
মানসিক চাপ কমাতে সবচেয়ে সহজ সমাধান বই পড়া। ভ্রমণ, উপন্যাস বা ছোট গল্প যেকোনো ধরনের বই এই চাপ দূর করতে সহায়ক।
ভালো ঘুম হয়
প্রতিদিন ঘুমানোর আগে কয়েক পৃষ্ঠা বই পড়লে ভালো ঘুম হবে। কারণ এ সময় শরীর ও মস্তিষ্কে এক ধরনের সিগন্যাল পৌঁছায়, যা ঘুমিয়ে পড়ার সময় চলে আসে। গবেষণা মতে, ঘুমানোর আগে বই পড়লে ৬৮ শতাংশ মানসিক চাপ কমে।
বিচক্ষণতা বাড়ায়
মানুষ হিসেবে সমৃদ্ধ করে তোলার পাশাপাশি বই পড়ার ফলে নিজের আগ্রহের বিষয়গুলোকে আরও ভালোভাবে বোঝা যায়। জ্ঞান যত বাড়বে, বুদ্ধি ততই ধারালো হবে। প্রতিটি বিষয়কে আরও ভালোভাবে ব্যাখ্যা করা সম্ভব হবে।