বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্র : কাদের

বিএনপির সিরিজ বৈঠক হচ্ছে সিরিজ ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপির হাতে দেশের গণতন্ত্র নিরাপদ নয়। তারা দেশের জন্য রাজনীতি করে না, তারা রাজনীতি করে লুটপাটের জন্য।

গতকাল শুক্রবার বাংলাদেশ আওয়ামী লীগ চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা নিজেদের নেত্রীর জন্য একটা মিছিল করতে পারে না, তাদের মুখে আন্দোলনের কথা মানায় না। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে বলেই তারা নির্বাচনকে ভয় পায়। তাই নির্বাচন নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ ভালো আছে বলেই বিএনপি ভালো নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক এক করে দেশে পদ্মা সেতু, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী টানেল, একাধিক আন্ডারপাস, চার লেন ও আট লেন সড়ক, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ায় বিএনপির গায়ে জ¦ালা ধরেছে। বিএনপি নেতাদের এসব উন্নয়ন সহ্য হয় না বলে তারা প্রলাপ বকছে। বিএনপির অন্ধকার যুগ পেরিয়ে বাংলাদেশে আজ শান্তির সুবাতাস বইছে, এটাই বিএনপির গাত্রদাহের কারণ। শেখ হাসিনার লক্ষ্য এ দেশের মানুষের ভাগ্য উন্নয়ন আর বিএনপির লক্ষ্য নিজেদের পকেটের উন্নয়ন।’

জনগণের পাশে থেকে তাদের জন্য কাজ করতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নিজের অবস্থান ভারী করার জন্য নিজের লোকদের কমিটিতে রাখা যাবে না। দলের দুঃসময়ের ত্যাগী কর্মীদের কমিটিতে সুযোগ করে দিতে হবে। যাদের মানুষ পছন্দ করে তাদেরই নেতা বানাতে হবে, নিজের পছন্দের কাউকে নয়।’ যেসব জনপ্রতিনিধি অপকর্ম, মাদক, সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের আগামীতে কোনো পর্যায়ের নির্বাচনে দল থেকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানান তিনি।