কুষ্টিয়ায় সাবেক ব্যাংক কর্মকর্তাকে গুলি করে হত্যা

কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে রাজু আহম্মেদ (৪৭) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে উপজেলার ভাদালিয়া দরবেশপুর গ্রামে রাজুর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

রাজু আহম্মেদ গ্রামের মুন্তা ম-লের ছেলে। তিনি সিটি ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে কয়েক মাস স্থানীয় আওয়ামী লীগ নেতা ও কুষ্টিয়া জেলা পরিষদের ৯ নম্বর সাধারণ আসনের সদস্য মামুন-অর রশিদ এবং আবু বক্করের সমর্থকদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে মামুনের অনুসারী রাজু আহম্মেদের বাড়ি ঘেরাও করে আবু বক্করের লোকজন। ঘুম থেকে রাজুকে তুলে টেনেহিঁচড়ে বাইরে এনে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুন-অর রশিদের দাবি, ‘বিএনপি করলেও আবু বক্কর নিজেকে আওয়ামী লীগ নেতা পরিচয় দেন এবং নানা অপকর্মের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরি করেন। আমরা রাজু আহম্মেদের হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।’

তবে এ বিষয়ে আবু বক্করের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলম জানান, আধিপত্য বিস্তার নিয়ে মামুন ও আবু বক্কর সমর্থকদের কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এখনো মামলা হয়নি। সংঘর্ষ এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।