অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচি

প্রথম ধাপে ২ হাজার ১৩২ কোটি টাকা দিচ্ছে এডিবি

টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় ৫০ কোটি মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল ম্যানিলাভিত্তিক উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। গতকাল শুনবার প্রথম ধাপে প্রতিশ্রুতির অর্ধেক ২৫ কোটি ডলার ঋণ-সহায়তা অনুমোদন দিয়েছে সংস্থাটি। বর্তমান বিনিময়মূল্য হিসাবে (প্রতি ডলার ৮৫ টাকা ৩০ পয়সা) টাকার অঙ্কে এই অর্থের পরিমাণ ২ হাজার ১৩২ কোটি টাকা। চলতি ২০২১-২২ অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে বাংলাদেশ সরকারকে এই অর্থ দেবে এডিবি।

গতকাল ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অবস্থিত সংস্থাটির সদর দপ্তর থেকে এই অনুমোদন দেওয়া হয়েছে বলে সংস্থাটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির আওতায় এডিবি বাংলাদেশকে মোট ৫০ কোটি ডলার ঋণ-সহায়তা দেবে। এর প্রথম কিস্তির ২৫ কোটি ডলার শনিবার অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ২৫ কোটি ডলার আগামী বছরের প্রথম দিকে অনুমোদন করা হবে বলে এডিবি ঢাকা কার্যালয়ের বহিঃসম্পর্ক বিভাগের প্রধান গোবিন্দ বার জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মহামারীর ক্ষতি দ্রুত কাটিয়ে ঘুরে দাঁড়াতেই এই সহায়তা দেওয়া হচ্ছে। টেকসই অর্থনৈতিক পুনরুদ্ধার কর্মসূচির উদ্দেশ্য হলো মহামারীর ক্ষতি যত দ্রুত সম্ভব কাটিয়ে ওঠা। এতে বলা হয়, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র-উদ্যোক্তা এবং ক্ষুদ্র ব্যবসার জন্য অর্থনৈতিক কার্যক্রম সম্প্রসারণ করার মাধ্যমেই অর্থনৈতিক পুনরুদ্ধার করতে হবে। তাহলেই টেকসই পুনরুদ্ধার নিশ্চিত হবে।

এডিবি বলেছে, ‘এই কর্মসূচি এমনভাবে পরিচালিত হবে, যাতে বাংলাদেশের মানুষের ব্যয় বৃদ্ধির ক্ষমতা বাড়ে। ক্ষুদ্র, কুটির এবং মাঝারি শিল্প খাতে (সিএমএসএমই) করোনার যে ক্ষতি হয়েছে তা দ্রুত পুনরুদ্ধার হয়।’

সংস্থাটি বলেছে, এ সহায়তা শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা এবং অবকাঠামো খাতে সরকারের বিনিয়োগ বাড়াবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনবে। সর্বোপরি অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম বেগবান করতে সহায়তা করবে।