গুলশান ও বারিধারার মতো অভিজাত এলাকায় অতিরিক্ত ট্যাক্স দিয়ে গাড়ি চলাচল করতে হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
গতকাল শনিবার সকালে রাজধানীর মালিবাগ-খিলগাঁও এলাকায় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ-ডিটিসিএ’র বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস উপলক্ষে আয়োজিত ওয়াকাথন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
মেয়র বলেন, এবার দিবসটির মূল প্রতিপাদ্য ‘গণপরিবহনে ও হেঁটে চলি, ব্যক্তিগত গাড়ি সীমিত করি’ যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ব্যক্তিগত গাড়ির ব্যবহার কমিয়ে গণপরিবহন ব্যবহার করে যানজট এবং বায়ুদূষণ কমানো সম্ভব। নগরীতে বড় বড় ফুটপাত নির্মাণ করা হলেও বিভিন্ন কায়দায় সেগুলো দখল হয়ে যায়, আর ফুটপাত দিয়ে হাঁটতে না পেরে জনগণকে রাস্তা দিয়ে হাঁটতে হয়; ফলে যানজট বৃদ্ধি পায়। সুস্থতার জন্য লোকজন যাতে নির্দিষ্ট জায়গায় সাইকেল চালাতে পারে এবং ফুটপাত দিয়ে হাঁটতে পারে সেজন্য সবার আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক খন্দকার রাকিবুর রহমান এবং স্থানীয় কাউন্সিলর উপস্থিত ছিলেন।