সাংবাদিকদের তথ্যমন্ত্রী

বিশ্বনেতাদের প্রশংসা বিএনপির সহ্য হচ্ছে না

দেশের উন্নয়নে বিশ্বনেতৃবৃন্দের প্রশংসা বিএনপির সহ্য হচ্ছে না বলেই তারা সমালোচনা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে জাতিসংঘ ও বিশ্বনেতৃবৃন্দ বিশেষ আমন্ত্রণে জাতিসংঘে নিয়ে গেছেন।’

গতকাল শনিবার দুপুরে ঢাকায় তার সরকারি বাসভবন থেকে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রীর জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগদান বিষয়ে বিএনপির সাম্প্রতিক মন্তব্য নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর যে বিশ্বময় ভূমিকা, বাংলাদেশকে যেভাবে তিনি নেতৃত্ব দিয়ে চলেছেন, এমনকি করোনার মধ্যেও অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রেখে দেশকে যেভাবে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধির স্থানে নিয়েছেন, এসব গল্প বিশ্বনেতৃবৃন্দ তার কাছে শুনতে চেয়েছেন। তাছাড়া প্রধানমন্ত্রীর বেশিরভাগ সফরসঙ্গীই যে নিজ খরচে গেছেন, সেটা রিজভী আহমেদ সাহেবের জানা উচিত ছিল, অথবা তিনি জেনেও না জানার ভান করছেন।’

তিনি আরও বলেন, ‘যেভাবে তাদের একেকজন বক্তব্য দিচ্ছেন, তাতে বিএনপির সিরিজ বৈঠকের ফলাফল শূন্য বলে মনে হচ্ছে। জনবিচ্ছিন্ন বিএনপি সিরিজ বৈঠক করে কোনো দিশা-কূল-কিনারা পায়নি।’ কিন্তু তারা ষড়যন্ত্রের মধ্যেই লিপ্ত বলে জানান ড. হাছান মাহমুদ।

এনায়েতপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো. বজলুর রশীদের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কেন্দ্রীয় কমিটির সদস্য নূরুল ইসলাম ঠান্ডু অধ্যাপক মেরিনা জাহান কবিতা, আবদুল আওয়াল শামীম, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আলহাজ আবদুল মমিন মন্ডল প্রমুখ।