স্পেজিয়ার মতো সাম্পদোরিয়াকেও ৩-২ গোলে হারিয়ে ইতালিয়ান লিগে টানা দ্বিতীয় জয় পেলো জুভেন্তাস। আলিয়াঞ্জ স্টেডিয়ামে গতকাল পাওলো দিবালা, লিওনার্দো বোনুচ্চি ও মানুয়েল লোকাতেল্লির গোলে জয় পেয়েছে তারা। তবুও ম্যাক্স আল্লেগ্রির কপালে চিন্তার ভাঁজ ফেলেছে দিবালার চোট। ম্যাচের প্রথম গোল করার পর অস্বস্তি অনুভব করায় খেলার ২১ মিনিটে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন আর্জেন্টাইন ফরোয়ার্ড। বুধবার চ্যাম্পিয়নস লিগে চেলসির বিপক্ষে ম্যাচে থাকছেন না দিবালা ও মোরাতা এমনটি জানিয়েছেন ক্ষোদ আলেগ্রি।
ঘরের মাঠে জুভেন্তাস ১০ মিনিটে দিবালার গোলে এগিয়ে যায়। ডি-বক্সের বাইরে থেকে লোকাতেল্লির শট সাম্পদোরিয়ার একজনের পায়ে লেগে ফেরার পর বাঁ পায়ের নিচু শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন। ২১ মিনিটে পেশিতে টান লাগায় মাঠ ছাড়েন দিবালা। ৪৩ মিনিটে ডি-বক্সে চিয়েসার শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট-কিকে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার বোনুচ্চি। পরের মিনিটেই ব্যবধান কমায় সাম্পদোরিয়া। সতীর্থের ক্রসে কাছ থেকে হেডে গোলটি করেন জাপানিজ ডিফেন্ডার মায়া ইয়োশিদা। ৫৭ মিনিটে ব্যবধান আবার বাড়িয়ে নেয় স্বাগতিকরা। ডি-বক্সে কয়েক জনকে কাটিয়ে শট নিতে পারেননি কিয়েসা, অতিথি দলও পারেনি বল ক্লিয়ার করতে। বাঁ দিকের বাইলাইনের কাছ থেকে বদলি নামা কুলুসেভস্কির পাসে ফাঁকা জালে বল পাঠান লোকাতেল্লি। ৮৩ মিনিটে ইতালিয়ান মিডফিল্ডার আন্তোনিও কান্দ্রেভার গোলে সাম্পদোরিয়া ব্যবধান ৩-২ করলে উত্তেজনা তৈরি হয় ম্যাচে। কিন্তু শেষ পর্যন্ত ওই স্কোর ধরে রেখে মাঠ ছাড়ে জুভেন্তাস। ছয় ম্যাচে দুটি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে নবম স্থানে তারা।
ইন্তারের ড্র : শনিবার ইন্তার মিলানের মাঠ থেকে একটি পয়েন্ট কেড়ে নিয়েছে আতালান্তা। ২-২ গোলে ড্র হয়েছে ম্যাচটি। ম্যাচের পঞ্চম মিনিটে লাউতারো মার্তিনেজের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর ৩০ ও ৩৮ মিনিটের গোলে এগিয়ে যায় আতালান্তা। ৭১ মিনিটে এডিন জিকো গোল করলে সমতায় ফেরে ইন্তার। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট ইন্তারের। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল এসি মিলান। ১৫ পয়েন্ট নিয়ে গতকাল নিজেদের ষষ্ঠ ম্যাচ খেলতে নামে নাপোলি। নাপোলি সেই ম্যাচে পয়েন্ট পেয়ে থাকলে শীর্ষে উঠেছে।