থার্মেক্সের কাদির মোল্লা এসবিএসির চেয়ারম্যান

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের চেয়ারম্যানের পদ থেকে এস এম আমজাদ হোসেনের পদত্যাগের পর নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শিল্পপতি আবদুল কাদির মোল্লা।

গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে এসবিএসি ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ১২৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাকাল থেকে উদ্যোক্তা পরিচালক হিসেবে রয়েছেন। এর আগে গত ৭ সেপ্টেম্বর এস এম আমজাদ হোসেন নিজের অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার কথা জানিয়ে পর্ষদের কাছে চিঠি দেন। সেইসঙ্গে নতুন চেয়ারম্যান নির্বাচনের প্রক্রিয়া শুরু করার পরামর্শ দেন।

আমজাদ হোসেন ২০১৩ সাল থেকে টানা ৯ বছর ব্যাংকটির চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। তার পদত্যাগের পর গতকাল পোশাক ও বস্ত্র খাতের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান থার্মেক্স গ্রুপ চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লাকে এসবিএসি ব্যাংকের চেয়ারম্যান করা হয়।