বিএনপি সহিংসতা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলছেন, ‘বিএনপির সিরিজ বৈঠক সিরিজ ষড়যন্ত্র। আবারও যদি সেই জ্বালাও পোড়াও এর দুরভিসন্ধি থাকে তাহলে আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত আছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে গতকাল রবিবার আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি এ সভার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি আবারও বোধ হয় জ্বালাও-পোড়াওয়ের ষড়যন্ত্র করছে। বোধ হয় আবারও সেই ধরনের কোনো দুরভিসন্ধি আছে। তাহলে মনে রাখবেন সহিংসতা করে দেশে যদি কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, শেখ হাসিনার উন্নয়ন ব্যাহত করতে চান, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দিতে আমরা প্রস্তুত।’
‘প্রধানমন্ত্রীর এই সফরে কোনো অর্জন নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, ‘ফখরুল সাহেব, কোনো খবর রাখেন না, নিউ ইয়র্ক টাইমস আপনি পড়েননি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যসহ প্রধানমন্ত্রীর প্রত্যেকটি বক্তব্য প্রশংসিত হয়েছে বিশ্বনেতাদের কাছে। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনার ভ্যাকসিন বৈষম্য দূর করতে বলেছেন। সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করতে বলেছেন। ফখরুল সাহেব এটা কি আপনি শোনেননি, নিউ ইয়র্ক টাইমস কি দেখেছেন। বলা হয়েছে, দারিদ্র্য দূর করার কথা বললে বাংলাদেশের দিকে তাকান, শেখ হাসিনার উন্নয়নের দিকে তাকান।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রোহিঙ্গাদের ফেরত পাঠাতে নামিদামি দেশগুলো আমাদের জন্য কিছু করেনি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা সাহসের সঙ্গে তার বক্তব্যে বলেছেন। জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভূমিকায় বাংলাদেশ আরও এক ধাপ উঁচুতে উঠেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও উঁচুতে উঠেছেন। আর আপনারা, বিএনপি আরও এক ধাপ নিচে নেমে গেছে।’
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সজীত রায় নন্দী প্রমুখ।