প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার দেশজুড়ে এক দিনে করোনাভাইরাসের ৮০ লাখ ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, বর্তমানে প্রতিদিন যে ৬ লাখ ডোজ টিকা দেওয়া হচ্ছে তাও চলবে। গ্রামেগঞ্জে আমরা টিকা নিয়ে যাচ্ছি। যারা দূরে থাকেন, দরিদ্র জনগোষ্ঠী, বয়স্ক এবং যারা সবসময় টিকা নিতে আসতে পারেন না তাদের টিকার আওতায় আনাই এ উদ্দেশ্য। গতকাল রবিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিশেষ এ কর্মসূচির কথা তিনি জানান।
জাহিদ মালেক বলেন, টিকাদানের বিশেষ ক্যাম্পেইনে ইতিমধ্যে যারা টিকার জন্য নিবন্ধন করেছেন কিন্তু এখন পর্যন্ত এসএমএস পাননি বা টিকা নিতে পারেননি, তাদের এ ক্যাম্পেইনের মাধ্যমে টিকা দেওয়া হবে। তারা যেই কেন্দ্রে টিকার নিবন্ধন করেছেন, তার পার্শ্ববর্তী যেকোনো কেন্দ্রে এ টিকা ক্যাম্পেইন চলবে সেখান থেকেই টিকা নিতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা কার্যক্রম নিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেওয়া চলমান আছে। তাদের অগ্রাধিকার ভিত্তিতে রাখা হয়েছে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রায় সবারই টিকা দেওয়া হয়েছে। তবে যারা এখনো দেননি তাদের সবাইকে আহ্বান জানাব দ্রুত টিকা নেওয়ার জন্য।
প্রবাসীদের সম্পর্কে তিনি বলেন, কয়েকটি জায়গায় প্রবাসীদের বুস্টার ডোজের কথা বলা হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এখন পর্যন্ত বুস্টার ডোজের নির্দেশনা দেয়নি। যদি এমন প্রয়োজন হয় তবে আমরা অবশ্যই আমাদের প্রবাসীদের কথা বিবেচনা করব এবং প্রয়োজনে ডব্লিউএইচওর সঙ্গে কথা বলে তাদের জন্য যথাযথ পদক্ষেপ নেব।
তিনি আরও বলেন, মঙ্গলবার ৪ হাজার ৬০০ ইউনিয়ন, ১ হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে সকাল ৯টা থেকে একযোগে টিকাদান চলবে। প্রতিটি ইউনিয়নে তিনটি বুথ, পৌরসভায় একটি ও সিটি করপোরেশনের ওয়ার্ডে তিনটি করে বুথ থাকবে। টিকাদান কার্যক্রমে অংশ নেবেন ৩২ হাজার ১০৬ জন স্বাস্থ্যকর্মী। পাশাপাশি ৪৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবী টিকাদান কর্মসূচিতে সহায়তা করবেন।