আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের বড় বিজ্ঞাপনের একজন তিনি। আইপিএলেও সবার চোখ থাকে গ্লেন ম্যাক্সওয়েলের দিকে। সবাই জানে, নিজের দিনে ব্যাট হাতে কী করতে পারেন এই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান।
আইপিএলের আরব-আমিরাত পর্বে ফের তার প্রমাণ দিলেন ম্যাক্সি। মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৫৪ রানে জয়ের ম্যাচে ৩৭ বলে ৬ চার ও ৩ ছয়ে ৫৬ রানের ইনিংস খেলেন রয়্যালস চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই অলরাউন্ডার। আর বল হাতে ৪ ওভারে ২৩ রান দিয়ে নিয়েছেন ২ গুরুত্বপূর্ণ উইকেট।
ম্যাক্সওয়েলের অলরাউন্ডিং প্রতিভা নিয়ে সন্দেহ নেই কারও। কিন্তু সেই প্রতিভা তেমন ধারাবাহিক নয় অজি তারকার। কিংস ইলেভেন পাঞ্জাবের সাবেক সতীর্থ সম্পর্কে বীরেন্দ্র শেওয়াগও বোধহয় তেমনভাবে কথাটা বলতে চেয়েছেন। কিন্তু বললেন একেবারে চাঁছাছোলাভাবে। এমনিতে সরাসরি কথা বলার জন্য সুনাম ও দুর্নাম দুই-ই আছে ‘নাজাফগড়ের নবাবের’।
মুম্বাইয়ের বিপক্ষে ম্যাক্সির খুনে ব্যাটিংয়ের পর বল হাতে রোহিত শর্মা ও ক্রুনাল পান্ডিয়াকে সাজঘরে ফেরাতে দেখে উচ্ছ্বসিত শেওয়াগ। সাবেক এই ভারতীয় মারকুটে ব্যাটসম্যানের মুখে ঝরল ৩২ বছর বয়সী অজি তারকার প্রশংসা। কিন্তু তার সঙ্গে স্বভাবসুলভ ভঙ্গিতে সমালোচনাও মিশিয়ে দিলেন।
শেওয়াগ বলেন, ‘ম্যাক্সওয়েল অনেক প্রতিভাবান, কিন্তু সে মাঝেমধ্যে মগজের ব্যবহার করতে ব্যর্থ হয়।’
খেলোয়াড়ি জীবনে নিজের দিনে প্রতিপক্ষ বোলারদের ঘুম কেড়ে নিতেন শেওয়াগ। মাঝেমধ্যে বল হাতেও টিম ইন্ডিয়াকে ব্র্যাক-থ্রু এনে দিতেন তিনি। সাবেক সতীর্থ ম্যাক্সওয়েলকে খুব কাছাকাছি দেখেছেন শেওয়াগ। আর সেই অভিজ্ঞতায় যেন উগরে দিলেন তিনি।