ই-কমার্সে শৃঙ্খলা ফেরাতে আইন প্রণয়ন ও অথরিটি গঠন

১৬ সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়

ই-কমার্স খাতের নিয়ন্ত্রণে কর্র্তৃপক্ষ গঠন ও ডিজিটাল কমার্স আইন প্রণয়নে কারিগরি বিষয়ে পরামর্শ প্রদানে ১৬ সদস্যের কমিটি গঠন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। এ কমিটির আহ্বায়ক করা হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব সফিকুজ্জামানকে। কমিটি প্রয়োজন বোধ করলে আরও সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করতে পারবে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে। গতকাল সোমবার এ প্রজ্ঞাপন জারি করে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে।

কমিটিতে আহ্বায়কের বাইরে অন্যান্য প্রতিষ্ঠানের একজন করে প্রতিনিধি সদস্য হিসেবে থাকবেন। এসব প্রতিষ্ঠানগুলো হলো তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রতিনিধি, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার ও সমবায় বিভাগ, বাংলাদেশ পুলিশ, সাইবার ক্রাইম ইন্টেলিজেন্স শাখা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বাংলাদেশ ব্যাংক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন, এটুআই ও বেসিসের প্রতিনিধি, ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি বা সাধারণ সম্পাদক প্রতিনিধিত্ব করবেন। কমিটির সদস্য সচিব হিসেবে থাকবেন বাণিজ্য মন্ত্রণালয়ের কেন্দ্রীয় ডিজিটাল কমার্স সেলের একজন উপসচিব।

এ প্রসঙ্গে জানতে চাইলে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক ও অতিরিক্ত পরিচালক মো. হাফিজুর রহমান দেশ রূপান্তরকে বলেন, ‘সম্প্রতি কমার্সভিত্তিক প্রতিষ্ঠান ইভ্যালি, ই-অরেঞ্জ ও ধামাকার মতো কয়েকটি প্রতিষ্ঠানে লেনদেন করে গ্রাহকরা প্রতারিত হয়েছেন। সেই ই-কমার্স তথা অনলাইন ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণে সহায়তা দিচ্ছে। এ অবস্থায় নতুন করে যেন কোনো প্রতারক টাইপের প্রতিষ্ঠান থেকে গ্রাহকরা না ঠকে, সে জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে।’