বিশ্বকাপে প্রথম ম্যাচের ১৩ দিন আগেই প্রথম রাউন্ডের ভেন্যু ওমানে যাচ্ছে বাংলাদেশ টি-টোয়েন্টি দল। সেখানে নিবিড় অনুশীলন ছাড়াও ১২ ও ১৪ ডিসেম্বর শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেবেন মাহমুদউল্লাহরা।
স্কোয়াডের ক্রিকেটাররা কভিড-১৯ পরীক্ষা করিয়ে ২ অক্টোবর কোয়ারেন্টাইনে প্রবেশ করবেন। ৩ অক্টোবর রাত পৌনে ১১টায় মাস্কাটের উদ্দেশে ঢাকা ছাড়বে দল। ছুটিতে থাকা কোচরা নিজ নিজ দেশ থেকে ৩ অক্টোবর ওমানে এসে যোগ দেবেন দলের সঙ্গে। মাস্কাট পৌঁছে ৪ অক্টোবর এক দিনের রুম কোয়ারেন্টাইনে থাকবেন ক্রিকেটাররা। এরপর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ৫, ৬ ও ৭ অক্টোবর আল-আমিরাত ক্রিকেট গ্রাউন্ডে চলবে দলের অনুশীলন। ৮ তারিখ স্থানীয় একটি দলের বিপক্ষে অনুশীলন ম্যাচ খেলার কথা আছে লাল-সবুজের প্রতিনিধিদের। বিশ্বকাপের আগে আইসিসির অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর আরব আমিরাতে যাবে বাংলাদেশ। সেখানে এক দিনের কোয়ারেন্টাইনের পর ১১ তারিখ হবে অনুশীলন। ১২ তারিখ আবুধাবির ওভাল-২ গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে, এক দিন পর ওভাল-১ গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৫ তারিখ ওমানে ফিরবে দল। এক দিন পর ১৭ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৮টায় নিজেদের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন মাহমুদউল্লাহরা। ১৯ অক্টোবর একই সময়ে প্রতিপক্ষ ওমান। ২১ অক্টোবর বিকেল ৪টায় পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে প্রত্যাশা অনুযায়ী উতরাতে পারলে ২২ তারিখ সুপার টুয়েলভ খেলতে আবার আমিরাতে যাবে বাংলাদেশ দল।